সংঘাত এড়াতে দুই নেত্রীর সংলাপে বসা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা ও সংঘাত এড়াতে দুই নেত্রীর সংলাপে বসা প্রয়োজন। সব দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এমনটিই আশা করছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে এসে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এসব কথা বলেন।
ড্যান ডব্লিউ মজীনা জানান, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার মধ্যে একটি অর্থনৈতিক করিডরের কথা সব সময় বলে থাকেন। যা মধ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এই বাণিজ্য অঞ্চলের ঠিক মাঝখানে বাংলাদেশের অবস্থান।
মজীনা বলেন, ‘আমি ব্রাহ্মণবাড়িয়ার টর্নেডো-দুর্গত এলাকা ঘুরে দেখেছি। এখানকার মানুষ কম সময়ে ঘুরে দাঁড়িয়েছেন। নারীরা অনেক কাজ করছেন। নারী পাচার, শিশুশ্রম, বাল্যবিয়ে ও লিঙ্গবৈষম্য প্রায় বন্ধ হয়েছে। এটা ইতিবাচক।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে আমরা কাজ করছি। কৃষি উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ১২ লাখ কৃষকের সঙ্গে কাজ করছি।’
এর আগে গত সোমবার সন্ধ্যায় মার্কিন রাষ্ট্রদূত আশুগঞ্জে আসেন। তিনি আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। বিদ্যুৎকেন্দ্রের বাংলোয় রাত কাটান। গতকাল সকালে তিনি আশুগঞ্জ নৌবন্দর ও সার কারখানা ঘুরে দেখে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ে যান। সেখানে তিনি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে সকালে বিএনপি জেলা শাখা ও দুপুরে আওয়ামী লীগের জেলা শাখার নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া খান ফাউন্ডেশন আয়োজিত জেলা পরিষদ মিলনায়তনে নারী উন্নয়নবিষয়ক একটি সেমিনারেও তিনি অংশ নেন। তিনি টর্নেডো-দুর্গত পাতিরহাতা গ্রামে বেসরকারি সংস্থা হেবিটেট ফর হিউম্যানিটির নির্মাণ করা ৫০টি বসতঘরের কয়েকটির চাবি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছে হস্তান্তর করেন। বেলা তিনটার দিকে মজীনা আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যবসায়ী, স্থলবন্দর কর্তৃপক্ষ ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন। সীমান্তের শূন্য রেখায় যাওয়ার আগে বিজিবি তাঁকে গার্ড অব অনার দেয়। সীমান্তের শূন্য রেখায় তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন।