
নির্বাচন বর্জনকারী দলগুলোকে সংঘাত ও নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বুধবার রাতে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, নির্বাচনপদ্ধতি পরিবর্তনের আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ, সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। বরং তা রাজনৈতিক পরিবেশকে তমসাচ্ছন্ন করে তোলে। তিনি নির্বাচন বর্জনকারী দলগুলোর উদ্দেশে বলেন, সাম্প্রদায়িক ও সন্ত্রাসী সংগঠনের সংস্রব ত্যাগ করে উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করুন। সরকারের সঙ্গে সংলাপের মাধ্যমে ঐকমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত হতে সাহায্য করুন। রাজনীতি থেকে হিংসা, হানাহানি ও সংঘাতের অবসানের মাধ্যমে একটি সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখুন।
রাষ্ট্রপতির ১৮ পৃষ্ঠার লিখিত ভাষণ থাকলেও তিনি সংক্ষিপ্তাকারে মূল অংশ পড়ে শোনান। তাঁর ভাষণের সময় সরকারি, বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সাংসদেরা করতালি দিয়ে অভিনন্দন জানান। দীর্ঘ বক্তৃতায় তিনি সরকারের গত পাঁচ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
বিশেষ করে সরকারের অর্থনৈতিক উন্নয়ন, নারী ক্ষমতায়নে নেওয়া নানা পদক্ষেপ, কর্মসংস্থান সৃষ্টি ও স্বাস্থ্য ও চিকিৎসাব্যবস্থার কথা তুলে ধরে সরকারের প্রশংসা করেন। রাষ্ট্রপতি গত পাঁচ বছর শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা এগিয়ে নেওয়ার জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি আশঙ্কা প্রকাশ করে বলেন, গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র এবং যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার হীন তৎপরতা দেশে কৃত্রিম বিভাজন সৃষ্টি করতে পারে। তাই বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয়, সে জন্য দেশবাসীকে সদা সতর্ক ও সজাগ থাকতে হবে। তিনি বলেন, জাতীয় ঐকমত্য ব্যতীত শান্তি ও সমৃদ্ধি স্থায়ী রূপ পেতে পারে না। এ ক্ষেত্রে তিনি গণতন্ত্রের ধারাবাহিকতা, আইনের শাসন ও অব্যাহত আর্থসামাজিক উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে সব রাজনৈতিক দল, শ্রেণী ও পেশানির্বিশেষে সবার ঐকমত্য গড়ে তোলার জন্য সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিকূল পরিবেশ সত্ত্বেও অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নির্বাচনকালীন সহিংসতায় ধ্বংস করা হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়েও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চড়াও হয়ে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। রাজনীতির নামে অরাজক পরিস্থিতি সৃষ্টির এ ধরনের অপচেষ্টা দমন করতে হবে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।
রাষ্ট্রপতি বলেন, মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ২০০৯ সালে কতিপয় বিরোধী রাজনৈতিক দল অসহযোগিতা ও সংঘাতের পথ গ্রহণ করে। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর থেকেই তারা যুদ্ধাপরাধীদের রক্ষায় মরিয়া হয়ে ওঠে। তারা ক্রমাগতভাবে সংসদ বর্জন এবং সংবিধান সংশোধনের কাজে সহযোগিতা করেনি। নির্বাচনকালীন সরকারের প্রশ্নে সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সংলাপের আমন্ত্রণ সংসদের তৎকালীন প্রধান বিরোধী দল প্রত্যাখান করে। তিনি বলেন, বিরোধী দলকে সর্বদলীয় সরকারে যোগদানের আমন্ত্রণ জানানো হয়। এমনকি মন্ত্রিসভার সদস্য হিসেবে তারা যে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণে আগ্রহী, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু বিরোধী দল সেই আমন্ত্রণে সাড়া না দিয়ে নির্বাচন প্রতিহত করার পথ বেছে নেয়।
আবদুল হামিদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক দেওয়া রায় সব আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে কার্যকর করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনার পুনরুজ্জীবনের এক মাইলফলক।
নির্বাচনে ভয়ভীতি উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগের জন্য সব ভোটারকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘৫ জানুয়ারি অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচনের পর গঠিত দশম জাতীয় সংসদ হবে গণতন্ত্র, উন্নয়ন, আইনের শাসন ও সংবিধানের ধারাবাহিকতা রক্ষার অতন্দ্র প্রহরী। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার জাতীয় জীবনে সব ক্ষেত্রে সুশাসন ও উন্নয়ন অব্যাহত রাখতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।’