সংঘাত নয়, আমরা চাই শান্তি ও অগ্রগতি: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ১৫০ বছর পূর্তি উপল‌ক্ষে অনলাইন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ১৫০ বছর পূর্তি উপল‌ক্ষে অনলাইন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন l ছবি: ফোকাস বাংলা

সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সংঘাত নয়, শান্তি চাই। আমরা অগ্রগতি চাই, পিছিয়ে যেতে চাই না এবং আমরা সৃষ্টি চাই, ধ্বংস চাই না। সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’
গতকাল সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর বাসসের।
প্রধানমন্ত্রী এ বছরের ৫ জানুয়ারি থেকে তিন মাস ধরে বিএনপি-জামায়াত জোটের লাগামহীন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, তাঁর সরকার দেশ ও জনগণের স্বার্থে এ ধরনের জঘন্য ও বর্বরোচিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখতে চায় না।
অতীতে দেশে আর কখনো এ ধরনের জঘন্য অপরাধ ঘটেনি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা অতীতে কখনো এ ধরনের আন্দোলন দেখিনি। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আসুন, বিগত সাড়ে ছয় বছরে দিনবদলের যে ধারা শুরু হয়েছে, আমরা সে ধারাকে আরও বেগবান করি। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির সকল সুবিধা ব্যবহার করে সরকারের রূপকল্প-২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করি। বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করি।’
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এবং ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে আইটিইউর মহাসচিব হোউলিন ঝাওয়ের ভিডিও বার্তাও প্রচার করা হয়।
বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বসু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবসের মূল প্রতিপাদ্যের ওপর নিবন্ধ উপস্থাপন করেন।
এর আগে প্রধানমন্ত্রী অনলাইন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী একটি ডাকটিকিট অবমুক্ত করেন।