সংঘাত নয়, শান্তিপূর্ণ সমাধান চায় জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান কি মুন
বান কি মুন
শেখ হাসিনা, খালেদা জিয়া
শেখ হাসিনা, খালেদা জিয়া

সংঘাত নয়, শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান চায় জাতিসংঘ। এ জন্য নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপিকে আলোচনায় বসার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।
গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ের মুখপাত্র এরি কানেকো গতকাল রাত ১১টা ৫৬ মিনিটে দুই নেত্রীর সঙ্গে মহাসচিবের টেলিফোনে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হলে মুখপাত্র জানান, কথোপকথনের বিষয়গুলো এই মুহূর্তে তিনি জানাতে পারছেন না।
সূত্রমতে, চলমান রাজনৈতিক সংকট নিয়ে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার বাসায় কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের আলোচনা শুরু হওয়ার কথা ছিল। জাতিসংঘের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়ার পরামর্শ থাকলেও সে বিষয়টি আর এগোয়নি। এর পর থেকে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ নিয়ে শুধু আলোচনা হয়েছে। সবশেষে ১৬ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যারা বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে জন্মদিনের নামে কেক কেটে ফুর্তি করে, তাদের সঙ্গে কোনো আলোচনা, সংলাপ ও আপস নেই। তাঁর ওই বক্তব্যের পর সংলাপ বা আলোচনার বিষয়টি চাপা পড়ে যায়।
এর আগে গত জুন মাসে জাতিসংঘের অতিরিক্ত মহাসচিব (রাজনৈতিক) ফার্নান্দোজ তারানকো মহাসচিবের দূত হিসেবে ঢাকায় এসে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় দুই নেত্রীকে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে চিঠি দেন তিনি। তাতে সমঝোতা ও আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পরামর্শ দেওয়া হয়।
সূত্রমতে, জাতিসংঘের সেই উদ্যোগ কার্যকর না হওয়ায় এবং আলোচনার পরিবর্তে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে বান কি মুন দুই নেত্রীর সঙ্গে টেলিফোনে কথা বললেন।
আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, জাতিসংঘের পক্ষ থেকে আগেই যোগাযোগ করে এই টেলিফোন আলোচনার সময় গত বৃহস্পতিবার নির্ধারণ করা হয়। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার প্রধানমন্ত্রীকে ফোন করেন বান কি মুন। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে দেখা করেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস শাখা থেকে গতকাল রাতে জানানো হয়, ঢাকায় জাতিসংঘের কার্যালয় থেকে আগেই বিরোধীদলীয় নেত্রীর এই টেলিফোন আলোচনার বিষয়টি ঠিক করা হয়।
বাংলাদেশের দুই নেত্রীকে মহাসচিব বলেছেন, জাতিসংঘ সবার অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। সংস্থাটি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
নির্বাচনকালীন সরকার বিষয়ে প্রধান দুটি দল নিজ নিজ অবস্থান সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে জানিয়েছে। শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী তাঁর সরকারের অধীনে নির্বাচন হবে। আর খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকারের অধীনে তাঁর দল নির্বাচনে অংশ নেবে না।
বার্তা সংস্থা বাসস জানায়, জাতিসংঘের মহাসচিব এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এমডিজির লক্ষ্যসমূহ অর্জনে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের প্রশংসা করেন। শেখ হাসিনার মতো নেতার প্রয়োজন রয়েছে উল্ল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য জাতিসংঘের মহাসচিবকে আমন্ত্রণ জানান।
বিরোধী দলকে নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দিতে বলেছেন হাসিনা: বাসস জানায়, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে টেলিফোনে আলাপকালে শেখ হাসিনা বিরোধী দলকে আগামী সংসদ অধিবেশনে যোগদান এবং আসন্ন নির্বাচন ও নির্বাচনকালীন সরকার বিষয়ে তাদের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী গতকাল এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিবকে বলেছেন, ‘বিরোধী দলের যেকোনো প্রস্তাবকে আমরা স্বাগত জানাব, যদি তা জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে দেওয়া হয়।’ তিনি নিজে এবং তাঁর সরকার সব সময়ই আলাপ-আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধানে বিশ্বাসী। টেলিফোনে কথা বলার সময় প্রধানমন্ত্রী বান কি মুনকে আগামী সাধারণ নির্বাচন এবং চলতি রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
শেখ হাসিনা মহাসচিবকে জানিয়েছেন, তিনি এর আগে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে সমস্যা সমাধানে সংলাপে বসার প্রস্তাব দিয়েছেন। কিন্তু ওই প্রস্তাবের কোনো জবাব না দিয়ে তিনি (খালেদা জিয়া) সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন এবং পরবর্তী সময়ে বিরোধী দল সরকার পতনের লক্ষ্যে সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যকর কার্যকলাপের মাধ্যমে দেশের শান্তি ও রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার শান্তি চায় এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর দেখতে চায়। আগামী সাধারণ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং জনগণ কোনো বাধাবিপত্তি ছাড়াই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: গতকাল সন্ধ্যা পৌনে সাতটা থেকে সোয়া সাতটা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেন বান কি মুন। খালেদা জিয়া জাতিসংঘের মহাসচিবকে বলেন, নির্দলীয় সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না। কারণ, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়া সম্ভব হবে না।
টেলিফোনে এই কথোপকথন উদ্ধৃত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বান কি মুন খালেদা জিয়াকে বলেছেন, তিনি অতিরিক্ত মহাসচিবকে (রাজনৈতিক) ঢাকায় পাঠিয়ে বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনের যে উদ্যোগ নিয়েছিলেন, তা খুব একটা এগোয়নি। তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
সংকট সমাধানে আলোচনার ওপর গুরুত্বারোপ করে জাতিসংঘের মহাসচিব বলেছেন, জাতিসংঘ সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। দুই পক্ষ সমঝোতার মনোভাব নিয়ে কাজ করলে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছা সম্ভব। তিনি বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন।
মির্জা ফখরুল জানান, মহাসচিব বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন। কোনোভাবেই যাতে সহিংসতা না হয়, সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, তাদের জানমালের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য তিনি উভয় পক্ষের কাছে অনুরোধ রেখেছেন।