দেশে রাজনৈতিক সংঘাত বেড়ে যাওয়া এবং লোকজনের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কানাডা। দেশটি সংকট নিরসন এবং সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান দুই রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে।
ঢাকায় কানাডার হাইকমিশন গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়।
চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আজ বুধবার দুপুরে তাঁর দপ্তরে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরকারের পরিকল্পনা ও সংবিধানের আলোকে সরকারের অবস্থান উন্নয়ন-সহযোগীদের কাছে তুলে ধরা হবে।
প্রাণঘাতী সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে কানাডা সমাজের ক্রমবর্ধমান বিভাজন রোধ করতে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার জন্য সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে।
কমিশনের বিবৃতিতে বলা হয়, ‘বিক্ষেভের সময় প্রাণহানির ঘটনা আমাদের মর্মাহত করেছে। মানবাধিকার, গণতন্ত্র ও বহুমতের মতো মূল্যবোধ সমুন্নত রাখাকে বাংলাদেশ সমর্থন করে। কিন্তু কোনো রাজনৈতিক দল ও গোষ্ঠীর সহিংসতার পথে যাওয়াটা এসব মূল্যবোধের পরিপন্থী। চলমান রাজনৈতিক সংকট দূর করতে সব রাজনৈতিক দলের সহিংসতার পথ ছেড়ে সংলাপে যুক্ত হওয়া উচিত। কেননা, সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করবে সংলাপ।’
কানাডা বলছে, ‘সহিংসতা ও উত্তাল রাজনীতির জন্য বাংলাদেশের অর্থনীতি ও জনগণকে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে যে মূল্য দিতে হচ্ছে, তাতে আমরা উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ প্রতিবাদ যেমন মৌলিক গণতান্ত্রিক অধিকার, তেমনিভাবে এর জবাব কখনো সহিংস হতে পারে না।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই দলকে আমরা সংলাপে বসতে এবং একে অন্যকে আস্থায় নিয়ে চলমান রাজনৈতিক সংকট সমাধানের উপায় খুঁজে বের করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক সংলাপ জরুরি। একের-অন্যকে আস্থায় নিয়ে রাজনৈতিক সংলাপে বসলে তা অস্থিতিশীলতা ও সহিংসতামুক্ত পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।’