
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে যুদ্ধ ও সংঘাত বন্ধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সুযোগ করে দেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আসুন, আমরা জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকা পালনে সুযোগ করে দিই। আমরা যুদ্ধ ও সংঘাত চাই না, শান্তি চাই।’
প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথাও ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে আমি বলতে চাই, যুদ্ধ ও সংঘাত বন্ধে, শান্তি প্রতিষ্ঠায় এবং সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে জাতিসংঘের যেকোনো পদক্ষেপের সঙ্গে আমরা থাকব।’ এ প্রসঙ্গে তিনি যুদ্ধ, সংঘাত ও সহিংসতার বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনের জন্য এই বিশ্ব সংস্থার ক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানান।
বাংলাদেশের জাতিসংঘে ঐতিহাসিক যোগদানের ৪০তম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী গতকাল বুধবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভাষণে এ কথা বলেন।
১৯৭৪ সালের এই দিনে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নিল ওয়াকার এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ জাতিসংঘ সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সালাহ উদ্দিন আহমেদও বক্তৃব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
প্রধানমন্ত্রী বলেন, ‘গণহত্যা প্রতিরোধে সারা বিশ্বে যে প্রতিবাদের ঝড় উঠেছে, আমরা তার সঙ্গে একাত্মতা পোষণ করছি। মানবতাবিরোধী অপরাধের বিচার না হওয়ার সংস্কৃতি যাতে বন্ধ হয়, সে জন্য অপরাধের বিচার নিশ্চিত করার আন্দোলনে আমরা নীতিগতভাবে অগ্রগামী।’ তিনি আরও বলেন, ‘মিয়ানমারের শরণার্থী সমস্যা সমাধানে আমরা কূটনৈতিক পর্যায়ে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব।’
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েিল বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি হামলায় শত শত নিরীহ মানুষ নিহত হয়েছে। তিনি বলেন, ‘আমি নারী ও শিশুসহ নিরীহ মানুষের ওপর এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি ফিলিস্তিনি জনগণের সঙ্গে পূর্ণ একাত্মতা ঘোষণা করছি।’
এ প্রসঙ্গে শেখ হাসিনা বিশ্বব্যাপী যারা মানবাধিকারের জন্য মায়াকান্না করেন, তাঁদের নীরবতার তীব্র সমালোচনা করেন।