বিভিন্ন দেশে সংঘাত ও বৈরিতা বাড়ায় এখন পৃথিবীজুড়ে অভিবাসীরা নানা ধরনের সংকটে পড়েছেন। তবে সঠিক ব্যবস্থাপনা পারে এই সংকটের মোকাবিলা করে অভিবাসনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন আনতে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস—বিস) মিলনায়তনে ‘মাইগ্রেন্টস ইন ক্রাইসিস সিচুয়েশন’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, কোনো দেশে সংঘাত হলে ঝুঁকিতে থাকা অভিবাসীদের দেখার কেউ থাকে না। তাদের দেখার জন্য এখনো পর্যন্ত আন্তর্জাতিকভাবে কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। তাঁদের মতে, অবৈধ অভিবাসন এবং সংকটপূর্ণ দেশে অভিবাসন কমাতে হবে। শুধু নিজ দেশের নাগরিকদের নয়, একটি দেশের সীমানার মধ্যে যারাই থাকুক না কেন, তাদের সুরক্ষা সংশ্লিষ্ট দেশকে দিতে হবে।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিআইআইএসএস এই সেমিনারের আয়োজন করে।
পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেছেন, এই সংকট মোকাবিলায় জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে একটা ফ্রেমওয়ার্ক গড়ে তোলা হবে। এতে অগ্রণী ভূমিকা রাখবে বাংলাদেশ। তিনি বলেন, বিভিন্ন দেশে বিভিন্ন কারণে সংঘাত হচ্ছে। এই সংঘাতের মধ্যে যখন অভিবাসীরা পড়ে, তখন তাদের সাহায্যের জন্য তেমন কোনো ব্যবস্থা আন্তর্জাতিকভাবে গড়ে ওঠেনি। সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো নিজেদের নাগরিকদের নিরাপত্তার জন্য কাজ করে, অন্য দেশের নাগরিকদের কথা ভুলে যায়। সেমিনারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘লিবিয়া, সিরিয়া, আন্দামান, ইয়েমেন থেকে নাগরিকদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ কাজ করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটা কাঠামো দাঁড় করানোর কাজ আমরা শুরু করেছি।’
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন আইওএমের পরিচালক (অপারেশন ও জরুরি) মোহাম্মদ আবদিকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ আবদিকার বলেন, বাংলাদেশ থেকে ঝুঁকিপূর্ণ অভিবাসন বাড়ছে। এ ক্ষেত্রে শ্রমিক অভিবাসন সবচেয়ে বেশি। তিনি বলেন, ‘লিবিয়ায় যুদ্ধের সময় বিপুলসংখ্যক বাংলাদেশি এবং ফিলিপাইনের অভিবাসী সংকটে পড়ে। তখন তাদের সহায়তার জন্য আমাদের সদস্যদেশগুলোর আর্থিক সহায়তায় একটি বিশেষ তহবিল গঠন করি। ওই তহবিলে বাংলাদেশ সরকার এক মিলিয়ন ডলার সাহায্য দেয়। এটা শুধু বাংলাদেশের অভিবাসীদের রক্ষায় কাজে লাগেনি। অন্যান্য দেশের নাগরিকদের উদ্ধারে কাজে লেগেছে।’
সেমিনারে আরও বক্তব্য দেন আইওএমের বাংলাদেশ মিশনের প্রধান শরৎ দাস, অ্যাকশন এইডের এদেশীয় পরিচালক ফারাহ কবীর, বিসের চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদ প্রমুখ।