সংঘাত-হানাহানিতে উদ্বেগ, সমঝোতারও সুযোগ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় বিদেশি কূটনীতিকেরা গভীরভাবে উদ্বিগ্ন। চলমান সংকট কাটাতে তাঁরা গঠনমূলক সংলাপের তাগিদ দিয়েছেন। তাঁদের ধারণা, সমঝোতার মাধ্যমে সমাধানের সময় এখনো শেষ হয়ে যায়নি।

গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ের পর কূটনীতিকেরা এ অভিমত দিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাঁর দপ্তরে এ ব্রিফিংয়ের আয়োজন করেন।

বেলা সোয়া তিনটায় শুরু হয়ে ব্রিফিংটি ছিল প্রায় এক ঘণ্টা স্থায়ী। শুরুতে ১৮ দলের ডাকা হরতালে যেসব সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটেছে, তা নিয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়। এরপর দীপু মনি একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেন। পরে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমামও বক্তব্য দেন।

গতকালের ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত সব দেশ ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কূটনীতিক মনে করেন, নতুন কোনো ইতিবাচক বার্তা প্রত্যাশা করেছিলেন তাঁরা। তবে ব্রিফিংয়ে যা তুলে ধরা হয়েছে, তা নতুন কিছু নয়। এসব বিষয় ইতিমধ্যেই গণমাধ্যমে এসেছে।

 পররাষ্ট্রমন্ত্রীর বক্তৃতার পর বক্তব্য দিয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন। কূটনীতিকদের মধ্যে আর কেউ কোনো প্রশ্নও করেননি। পররাষ্ট্রমন্ত্রীর বক্তৃতার পর হিদার ক্রুডেন কথা বলেন। এরপর কূটনীতিকদের কেউ কোনো প্রশ্ন না করলেও নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে কথা বলেন দীপু মনি। কূটনীতিকেরা নানা বিষয়ে প্রশ্ন করবেন—এমন ধারণা থেকে উত্তর তৈরি করা হয়েছিল।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে যাওয়ার সময় হিদার ক্রুডেন এই প্রতিবেদককে বলেন, ‘সংঘাত ও প্রাণহানির ঘটনা যে আমাদের গভীর উদ্বিগ্ন করে তুলেছে, সেটি উল্লেখ করেছি। এ ছাড়া রাজনৈতিক সংকটের সমাধান না হওয়াটা যে আমাদের হতাশ করেছে, তা-ও বলা হয়েছে। কূটনীতিকদের পক্ষ থেকে জানিয়েছি, বাংলাদেশের বন্ধু হিসেবে আমরা সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চাই। বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র অব্যাহত রাখতেই এটি প্রয়োজন। তবে সমাধান কোন পথে, সে ব্যাপারে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চাই না।’

ব্রিফিং শেষে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন এই প্রতিবেদককে বলেন, ‘আমরা চাই সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হোক। আর সমস্যা সমাধানের সময় এখনো শেষ হয়ে যায়নি বলেই আমার বিশ্বাস।’

কূটনীতিকদের কাছ থেকে ব্রিফিংয়ে কী প্রতিক্রিয়া পাওয়া গেছে—জানতে চাইলে দীপু মনি বলেন, ‘তাঁরা আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী সংলাপে বসবেন। তাঁদের প্রত্যাশা, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে। এতে করে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তাঁদের জানিয়েছি, সরকার অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। আমরা আশা করি, প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাবে বিরোধীদলীয় নেত্রী ইতিবাচক সাড়া দেবেন। এর মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে।’

কূটনীতিকেরা ব্রিফিংয়ে কোনো বিষয়ে উদ্বেগ জানিয়েছেন কি না জানতে চাইলে দীপু মনি বলেন, সহিংসতার ব্যাপারে তাঁরা উদ্বেগ জানিয়েছেন। বাংলাদেশের বন্ধু হিসেবে তাঁরা সহিংসতা চান না। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে তাঁরা সমস্যার সমাধান চান।

পর্দার অন্তরালে কূটনীতিকদের তৎপরতা সম্পর্কে গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে দীপু মনি বলেন, ‘পর্দার অন্তরালে কী ঘটছে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। তাঁরা যদি প্রকাশ্যে কোনো মন্তব্য করেন, তবেই আমি মন্তব্য করতে পারি। তবে আমরা আশা করব, কূটনীতিকেরা শিষ্টাচার মেনেই তাঁদের উদ্বেগ প্রকাশ করবেন। এটিই প্রত্যাশিত।’

তাঁরা কি কূটনৈতিক শিষ্টাচার মেনে চলছেন—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি মনে করি, বেশির ভাগই তা মেনে চলছেন। কূটনীতিকেরা একে অন্যের সঙ্গে কথা বলবেন, এটাই স্বাভাবিক। কারণ তাঁদের নিজ নিজ দেশে প্রতিবেদন পাঠাতে হয়। বাংলাদেশ নিয়ে কূটনীৈতিক মহলের কোনো উদ্বেগ থাকলে নিয়মানুযায়ী তা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা উচিত। সাধারণত এ বিষয় নিয়ে বাইরে আলোচনা করা উচিত নয়। আমি আশা করব তাঁরা এ রীতি মেনে চলবেন।’

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার দিল্লি সফর সম্পর্কে জানতে চাইলে দীপু মনি বলেন, ‘ভারত মহাসাগরীয় দেশগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে আলোচনা করতে তিনি এ সফরে গিয়েছেন। কারণ, ভারত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। কাজেই তিনি ভারতে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতেই পারেন। তবে ড্যান মজীনা আমাকে জানিয়েছেন, তাঁর চীন সফর সম্পর্কে গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে, সেটি সঠিক নয়।’

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, সংলাপ, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী তাঁদের বিস্তারিত জানিয়েছেন। দুই পক্ষ সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করার কথা বলেছে। বাংলাদেশের মানুষও সংলাপের মাধ্যমে সমাধান দেখতে চায়। তিনি বলেন, ‘আলোচনার এখনো সুযোগ রয়েছে। আমি আশা করি, আলোচনার সুযোগ কাজে লাগানো হবে।’

গতকালের ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা ছাড়াও জার্মানি, ফ্রান্স, রাশিয়া, নেদারল্যান্ডস, ডেনমার্ক, চীন, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতও এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।