জেলায় জেলায় অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত আওয়ামী লীগ। শাসক দল হওয়ায় এলাকার কর্তৃত্ব, ক্ষমতার দাপট ও ভাগবাঁটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ খুনোখুনি এখন দলটির নিত্যনৈমিত্তিক ঘটনা।
সম্প্রতি নারায়ণগঞ্জের সাত খুন, ফেনীর ফুলগাজীতে উপজেলা চেয়ারম্যানকে গুলি ও পুড়িয়ে মারার ঘটনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে৷ এ অবস্থায় দলটির করণীয় ঠিক করতে গতকাল সোমবার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বৈঠকে দলটির সংঘাতপূর্ণ সাংগঠনিক জেলাগুলো নিবিড়ভাবে তদারকের সিদ্ধান্ত হয়। এরপর দলীয় সভানেত্রীর কাছে তদারকের প্রতিবেদন দাখিল করবেন দলটির সাংগঠনিক সম্পাদকেরা। এ ছাড়া প্রাথমিকভাবে পাঁচটি সাংগঠনিক জেলায় কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছে দলটি। যদিও খোঁজ নিয়ে দেখা গেছে, ৭৩টি সাংগঠনিক জেলার মধ্যে প্রায় ৬০টি জেলায় কোনো না কোনোভাবে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগের সাতটি সাংগঠনিক জেলার মধ্যে বরিশাল মহানগরে প্রকাশ্যে কোন্দল রয়েছে।
রাাজশাহী বিভাগের নয়টি সাংগঠনিক জেলার মধ্যে রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, নাটোর ও সিরাজগঞ্জে দলটির নেতা-কর্মীদের মধ্যে প্রকাশ্যে বিরোধ রয়েছে। খুলনা বিভাগের ১১টি সাংগঠনিক জেলার মধ্যে সবচেয়ে বেশি কোন্দল রয়েছে যশোরে।
চট্টগ্রাম বিভাগের ১৪টি সাংগঠনিক জেলার প্রায় প্রতিটিতে কোন্দল৷ সর্বশেষ ফেনীর ঘটনা এর প্রমাণ৷ ঢাকা বিভাগের ১৮টি সাংগঠনিক জেলার মধ্যে সবগুলোতেই দলীয় কোন্দল বিদ্যমান। এর মধ্যে নারায়ণগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, নেত্রকোনা, ময়মনসিংহের অবস্থা সবচেয়ে খারাপ।
নারায়ণগঞ্জে সর্বশেষ দলীয় কাউন্সিল হয়েছিল ১৯৯৭ সালে। ওই সময় নাজমা রহমানকে সভাপতি ও এ কে এম শামীম ওসমানকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু ২০০২ সালে ওই কমিটি ভেঙে দিয়ে আকরাম হোসেনকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়ে মনোমালিন্য হলে ২০১১ সালে ১ নভেম্বর তিনি পদত্যাগ করেন। এখন নারায়ণগঞ্জ চলছে কমিটি ছাড়া। গতকালের সভায়ও নারায়ণগঞ্জ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
রংপুর বিভাগের নয়টি সাংগঠনিক জেলার মধ্যে রংপুর মহানগর, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার সম্মেলন শেষ হলেও পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুরে প্রকাশ্যে কোন্দল রয়েছে। এ ছাড়া সিলেট বিভাগের পাঁচটি জেলার মধ্যে সিলেট মহানগর, সিলেট জেলা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায়ও কোন্দল রয়েছে।
আওয়ামী লীগের অন্তত তিনজন সাংগঠনিক আলাপকালে বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক থাকায় সরকার ও আওয়ামী লীগের শীর্ষ মহল স্বস্তিতে ছিলেন। দলের মধ্যে এত কোন্দলের কথা তাঁরা ভাবতেই পারেননি। তাই জাপান সফরে যাওয়ার আগে দলের সাধারণ সম্পাদককে সাংগঠনিক অবস্থা জোরদারের নির্দেশ দিয়ে গেছেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। তিনি দেশে ফিরলে আরও সভা করবেন সৈয়দ আশরাফ।
বৈঠকে প্রাথমিকভাবে পাঁচটি সাংগঠনিক জেলায় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সাংগঠনিক জেলাগুলো হলো রাজশাহী মহানগর, খুলনা মহানগর, ঠাকুরগাঁও, পটুয়াখালী অথবা বরগুনা এবং কিশোরগঞ্জ। ১৫ জুলাইয়ের মধ্যে এ জেলাগুলোতে এবং মেয়াদোত্তীর্ণ অন্য জেলাগুলোর সম্মেলন ৩০ অক্টোবরের মধ্যে করার সিদ্ধান্ত গৃহীত হয়।
রূদ্ধদ্বার ওই বৈঠক শেষে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক প্রথম আলোকে বলেন, ‘সাংগঠনিক সম্পাদকেরা কেন্দ্রের নিয়ন্ত্রণ তৃণমূলে রাখতে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবের আলোকে দলের সাধারণ সম্পাদক বলেছেন, এগুলো নিয়ে দলের সভানেত্রীর সঙ্গে তিনি কথা বলবেন।’
বৈঠক শেষে দলটির একজন সাংগঠনিক সম্পাদক বলেন, ‘জেলায় জেলায় হাঙ্গামা করছে মূলত যুবলীগ, ছাত্রলীগ এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। আমরা প্রস্তাব দিয়েছি, তাঁদের আওয়ামী লীগের মূল দলে নিয়ে আসতে। তাহলে এ ধরনের সংঘাত ভবিষ্যতে হবে না।’