সংঘাতপূর্ণ দেশে হস্তক্ষেপে সতর্কতা দরকার: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরামর্শ সভার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী
পরামর্শ সভার উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, শান্তিরক্ষা কার্যক্রমের চিরাচরিত দায়িত্ব থেকে সংঘাতপূর্ণ কোনো দেশে হস্তক্ষেপকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আগে জাতিসংঘকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আজ মঙ্গলবার রাজধানীতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে এক আঞ্চলিক পরামর্শ সভা উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। 
বাংলাদেশ সরকার ও ইউএন হাই লেভেল ইনডিপেনডেন্ট প্যানেল অন পিস অপারেশন যৌথভাবে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ‘এশিয়া রিজিওনাল কনসালটেশনস অন ইউএন পিস অপারেশনস’ শীর্ষক দুই দিনের পরামর্শ সভার আয়োজন করে।
সভার উদ্বোধনী অধিবেশনে পূর্ব তিমুরের সাবেক প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হোসে রামোস হোর্তা ও স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জে. আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
মাহমুদ আলী বলেন, ঐকমত্য, নিরপেক্ষতা, আত্মরক্ষার্থে শক্তির ব্যবহার- জাতিসংঘ সনদের এসব মূলনীতিকে অবশ্যই সমুন্নত রাখতে হবে। 

শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষীদের নিরাপত্তা বিঘ্নিতকারী কিংবা নিরাপত্তার হুমকির সঙ্গে জড়িত বেসরকারি সশস্ত্র গোষ্ঠীকে আইনি প্রক্রিয়ায় এনে শাস্তি দেওয়ার বিষয়টি উল্লেখ করেন।

মাহমুদ আলী বলেন, ‘আমাদের বিশ্বাস, হাই লেভেল প্যানেলের বিজ্ঞ পরামর্শ শুধু পরিবর্তনের স্বার্থেই পরিবর্তন হবে না। বর্তমান পরিস্থিতিতে যা ভালোভাবে কাজ করছে, তা পরিবর্তনের প্রয়োজন নেই। যে জায়গায় ব্যর্থতা বা ঘাটতি এখনো অনেক বেশি রয়েছে, সেখানেই প্যানেলের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। ’