সংঘাতপ্রবণ রাজনীতি মেনে নিয়ে নির্বাচনের পথে এগোচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, ‘দেশে সংঘর্ষপ্রবণ রাজনীতি দিন দিন প্রকট হচ্ছে। এই সংঘাতপ্রবণ রাজনৈতিক সংস্কৃতি মেনে নিয়েই আমরা আগামী নির্বাচনের পথে অগ্রসর হচ্ছি।’ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে এক কর্মশালায় তিনি এ কথা বলেন। নগরের এলজিইডি মিলনায়তনে নির্বাচন কমিশন আয়োজিত আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালায় সিইসি প্রধান অতিথি ছিলেন। সিইসি তাঁর বক্তব্যে বলেন, ‘সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে ২০১৪ সালেই সংসদ নির্বাচন করতে হবে। ২০০৬ সালের নির্বাচন দুই বছর পিছিয়ে ২০০৮ সালে হয়েছে। এটা কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু এবার আর রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়েছে বলে অজুহাত তুলে সংসদ নির্বাচন বন্ধ করা যাবে না। ’‘সংঘর্ষপ্রবণ রাজনীতি’ মোকাবিলায় নির্বাচন কমিশন সব সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, মতবিনিময় অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।সিইসি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি চালু সম্পর্কে বলেন, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে। তাতে যদি কোনো আপত্তি না আসে তাহলে আগামী সংসদ নির্বাচন একই পদ্ধতিতে হবে।এ টি এম শামসুল হুদা আরও বলেন, ‘গত ৪০ বছরে কোনো সরকারপ্রধান চাননি নির্বাচন কমিশন স্বাধীন হোক, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত হোক। এ জন্য সব সময় সরকারের নির্বাহী প্রধানের পছন্দ অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে। আমাদের পরিকল্পনায় এ সংস্কৃতি থেকে বের হয়ে আসার একটা পথের নির্দেশনা আছে। আমরা আর পাঁঁঁচ মাস আছি। ২০১২ সালে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। তারা যেন নির্বিঘ্নে কাজকর্ম করতে পারে, সে জন্য আমরা পঞ্চবার্ষিক ও দ্বিবার্ষিক পরিকল্পনা তৈরি করছি।’কর্মশালার বিরতিতে মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন সিইসি।বর্তমান নির্বাচন কমিশনের ওপর জনগণ কতটুকু আস্থাশীল?—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘দেশের ৭০ ভাগ মানুষের আমাদের ওপর আস্থা আছে। সংসদ নির্বাচনসহ বেশ কয়েকটি নির্বাচনের পর নানা তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আমরা তা জানতে পেরেছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের ওপর আস্থা নেই বলে বক্তব্য দিচ্ছেন, সেগুলো রাজনৈতিক বক্তব্য। তবে আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোও যেন আমাদের ভালো বলে।’বিএনপি সংলাপে আসবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাদের সংলাপে আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি।’ নির্বাচন কমিশনারদের যোগ্যতা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘পরীক্ষায় থার্ড ডিভিশন পাওয়া, ঋণখেলাপি, বিলখেলাপি এবং জীবনের কোনো পর্যায়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল এমন লোককে নির্বাচন কমিশনার করা উচিত হবে না।’নির্বাচন কর্মকর্তাদের সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থা নয়। আমরা যা করি তা যেন মানুষের কাছে দৃশ্যমান হয়। আমলাতান্ত্রিক ভাষায় কথা বলা বন্ধ করতে হবে। স্বাধীন নির্বাচন কমিশন বলে আমাদের জমিদারি আদলে কাজ করলে চলবে না।’ভোটার তালিকা সংরক্ষণ, সংশোধনসহ বিভিন্ন দায়িত্ব খুব শিগগির উপজেলা পর্যায়ে হস্তান্তর করা হবে বলেও সিইসি জানান।কর্মশালায় আরও বক্তব্য দেন নির্বাচন কমিশনের উপসচিব জেসমিন টুলী।