সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবন থেকে বের হয়ে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. কামাল হোসেন। পাশে সুলতানা কামাল ও আকবর আলি খান ছবি: প্রথম আলো
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবন থেকে বের হয়ে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. কামাল হোসেন। পাশে সুলতানা কামাল ও আকবর আলি খান ছবি: প্রথম আলো

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে বিদ্যমান সংঘাতময় পরিস্থিতি নিরসনে তাঁর অনানুষ্ঠানিক ভূমিকা প্রত্যাশা করেছেন ছয় বিশিষ্ট নাগরিক। জবাবে রাষ্ট্রপতি সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সংকট সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বঙ্গভবনে পৌঁছান ছয় নাগরিক। বৈঠক শেষে রাত পৌনে আটটার দিকে তাঁরা বেরিয়ে আসেন।
বৈঠক সূত্র জানায়, নাগরিকদের সবাই দেশের বিদ্যমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে সহিংস ঘটনা এবং অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে, তা তুলে ধরেন তাঁরা।
বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের তিন উপদেষ্টা আকবর আলি খান, জামিলুর রেজা চৌধুরী ও সুলতানা কামাল, আইনজীবী শাহদীন মালিক এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বঙ্গভবনের ওই বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিদ্যমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ছয় নাগরিক সংকট নিরসনে রাষ্ট্রপতিকে ভূমিকা রাখার অনুরোধ জানান। তাঁরা সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথাও বলেছেন তাঁরা।
প্রেস সচিব আরও জানান, রাষ্ট্রপতি সুশীল সমাজের প্রতিনিধিদের এই বক্তব্য সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করবেন। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৮-দলীয় জোটের নেতারা তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তিনি তাঁদের বক্তব্য সরকারকে অবহিত করেন এবং এর ফলে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনার সূত্রপাত হয়েছে।
বৈঠক থেকে বেরিয়ে আকবর আলি খান সাংবাদিকদের বলেন, ‘আমরা এখানে আসার উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতির কাছে আমাদের এবং জাতির উদ্বেগ ও উৎকণ্ঠা নিবেদন করা। আমরা তাঁর কাছে নিবেদন করেছি, দেশে বর্তমানে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি চলছে, তা দেশের জন্য অশনিসংকেত। আমরা সবাই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই।’
এক প্রশ্নের জবাবে আকবর আলি খান বলেন, সাংবিধানিক সীমাবদ্ধতা সত্ত্বেও সংকট নিরসনে রাষ্ট্রপতি সচেষ্ট আছেন এবং থাকবেন বলে তাঁদের জানিয়েছেন। কোনো অনুরোধ বা প্রস্তাব দিয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কোনো সুনির্দিষ্ট সুপারিশ ছিল না।’
নির্বাচনের তফসিল স্থগিতের কথা বলেছেন কি না—জানতে চাইলে আকবর আলি খান ‘না’ সূচক জবাব দেন। তবে তিনি বলেন, প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে তা গণতন্ত্রের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। উদ্বেগ-উৎকণ্ঠার প্রসঙ্গগুলো সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচন সংঘাতপূর্ণ পরিবেশে হতে যাচ্ছে। বর্তমানে যে ধরনের অবরোধ, হরতাল চলছে তা উদ্বেগজনক। বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েও উৎকণ্ঠা রয়েছে। আমরা এ বিষয়গুলো তাঁকে বলেছি।’
সংকট নিরসনে রাষ্ট্রপতি কী করতে পারেন, এমন প্রশ্নের জবাবে আকবর আলি বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে কিছুই করতে পারেন না। অনানুষ্ঠানিকভাবে কথাবার্তা বলে সংশ্লিষ্টদের বোঝানোর চেষ্টা করতে পারেন, অভিভাবকেরা যেমনটি করেন। সাংবিধানিক সীমাবদ্ধতা আছে জেনেও কেন রাষ্ট্রপতির কাছে গেলেন—জবাবে আকবর আলি বলেন, ‘আর কোথাও তো যাওয়ার নাই। আসতে হলে এখানেই আসতে হবে।’ তিনি আরও বলেন, ‘এটা মনে রাখতে হবে যে, সমাধান শুধু রাষ্ট্রপতির কাছে নয়। এ ব্যাপারে প্রধান জোটগুলোরও ভূমিকা রয়েছে। তবে রাষ্ট্রপতির যে প্রচেষ্টা, সেটা অব্যাহত রাখলে হয়তো আমরা কিছু ফল পেতেও পারি।’
প্রধানমন্ত্রী বা বিরোধীদলীয় নেত্রীর কাছে যাবেন কি না, এমন প্রশ্নের জবাবে আকবর আলি বলেন, এ ধরনের কোনো চিন্তা নেই। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী রাজনৈতিক প্রতিপক্ষ। কাজেই প্রতিপক্ষের কাছে আলাপ করে সমাধান সম্ভব নয়।
ড. কামাল হোসেন বলেন, ‘এর আগে ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশ বিভিন্ন সংকট থেকে উত্তরণ করেছে। এবারও সেই আশা নিয়ে আমরা নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাব।’ তিনি আরও বলেন, ‘দেশের মানুষ গণতন্ত্র বজায় রাখতে চায়। শান্তি চায়। সুষ্ঠু নির্বাচন চায়। এ জন্য বলছি, এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হোক।’
সুলতানা কামাল বলেন, ‘নাগরিক হিসেবে আমাদের এখতিয়ারের মধ্যে, আমাদের ক্ষমতার মধ্যে যেটুকু করার আছে, তা আমরা পালন করে যাব। কাজ করলে নিশ্চয়ই একটা ফল পাওয়া যায়।’