সংঘাতময় রাজনীতি মানুষ পছন্দ করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নিজস্ব একটি জরিপ বলছে, সংঘাতময় রাজনীতি মানুষ পছন্দ করে না। দাবি আদায় ও জনস্বার্থের ইস্যুগুলোতে সাধারণ মানুষ শান্তিপূর্ণ কর্মসূচিকে বেশি সমর্থন করে।নিজ দলের মাঠপর্যায়ের নেতাদের ওপর এই জরিপ চালিয়েছে বিএনপি। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত ‘মতামত জরিপকেও’ গুরুত্বসহকারে বিবেচনা করেছে দলটি।সাধারণ মানুষের সমর্থনের কারণে বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি আদায় এবং প্রতিবাদের ভাষা হিসেবে শান্তিপূর্ণ কর্মসূচি বেছে নিয়েছে বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, তাঁর দল জরিপ চালিয়ে দেখেছে, সাধারণ মানুষ সংঘাতময় রাজনীতি বা রাজনৈতিক কর্মসূচি পছন্দ করে না, বরং শান্তিপূর্ণ কর্মসূচিতে জনগণ নিজেরাই অংশ নেন। মতামত দানকারীদের ৯০ ভাগের বেশিসংখ্যক শান্তিপূর্ণ অবস্থানের পক্ষে মত দিয়েছেন।মির্জা ফখরুল বলেন, দলের মাঠপর্যায় থেকে বিভিন্ন স্তরের নেতাদের মতামত নিয়ে এই জরিপ করা হয়েছে। সেই অনুযায়ী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে দেখা গেছে, এর প্রতি মানুষের সমর্থন ব্যাপক।জানা গেছে, বিএনপি তাদের নীতিনির্ধারণের জন্য সময়ে সময়ে এই জরিপ পরিচালনা করেছে। সর্বশেষ এ বছরের মার্চ থেকে জুন পর্যন্ত জরিপ করা হয়। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের তত্ত্বাবধানে এবং যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির দপ্তরের কর্মকর্তারা এটি পরিচালনা করে থাকেন।জরিপে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের মতামত বেশি গুরুত্ব পেয়েছে। মাঠপর্যায়ের নেতারা সাধারণ মানুষের মনোভাবের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের বলেছেন। তাঁরা হরতাল, অবরোধ এবং জ্বালাও-পোড়াও রাজনীতি থেকে সাধারণ মানুষ বিএনপি চেয়ারপারসনের জেলা সফর ও রোডমার্চের মতো কর্মসূচিতে বেশি সমর্থন করেছেন।জরিপের ফলাফলে বলা হয়েছে, বিএনপির ইতিবাচক রাজনীতি সাধারণ মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। ভাসমান ভোটারদের মত পরিবর্তনে ভূমিকা রেখেছে।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য দাবি করেন, প্রায় চার বছর তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছেন। তাঁদের লক্ষ্য, সরকার পতন নয়, যৌক্তিক দাবি আদায় করা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি সাধারণ মানুষ গ্রহণ করেছে। এমনকি মহাজোটের শরিক, সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি, বিচারপতিদের রায়ে এর প্রয়োজনীয়তা উঠে এসেছে। কেবল আওয়ামী লীগ সরকার এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তিনি বলেন, সরকার দেশকে সংঘাতের দিকে নিতে চাচ্ছে। এ পরিস্থিতিতে বিএনপির পক্ষে কত দিন ‘শান্তিপূর্ণ’ ধারা রক্ষা করা সম্ভব হবে, তা বলা যাচ্ছে না। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলও একই আশঙ্কার কথা বলেছেন। তিনি বলেন, বিএনপি সংকট নিয়ে আলোচনার কথা বলছে। সমাধান চাইছে। বিরোধী দলের দাবির যৌক্তিকতা সব পক্ষের কাছে প্রমাণিত হলেও সরকার কোনো কথা বলছে না। উল্টো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধানোর পাঁয়তারা করছে। তিনি বলেন, ‘আমরা রাজনীতিতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু সরকারের যে আচরণ, তাতে এ ধারা কত দিন ধরে রাখা যাবে, তা বলা মুশকিল।’