সংঘাতে হতাশ যুক্তরাজ্য, সুস্থ পরিবেশের তাগিদ যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘাতমূলক রাজনৈতিক পদক্ষেপ অব্যাহত থাকায় হতাশা প্রকাশ করেছে যুক্তরাজ্য। আর যুক্তরাষ্ট্র মনে করে, সব রাজনৈতিক দলের অবাধে ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশে সহায়ক রাজনৈতিক পরিবেশ থাকা উচিত।
ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন ও মার্কিন দূতাবাসের মুখপাত্র গতকাল শনিবার এ প্রতিক্রিয়া জানিয়েছেন।
রবার্ট গিবসন বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে গঠনমূলক আলোচনার পরিবর্তে অব্যাহতভাবে আমরা সংঘাতমূলক কার্যক্রম দেখছি। এটি আমাকে হতাশ করছে। মানুষ চায়, দুই দল সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের উপায় বের করবে।’
মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, ‘গত কয়েক দিনের ঘটনাবলিই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করছে। আমরা দুই দলকে সহিংসতা এড়িয়ে চলতি বলছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ধরনের সহিংসতার স্থান নেই।’
মুখপাত্র বলেন, সব দল যাতে অবাধে মত প্রকাশ করতে পারে, তা নিশ্চিত করতে রাজনৈতিক পরিবেশ থাকাটা বাঞ্ছনীয়।