সংঘাতের আগুনে পুড়ে গেল বই, টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংঘাত কখনো শান্তি আনে না, সংঘাত সংঘাতই সৃষ্টি করে। এ সংঘাত কেড়ে নিয়েছে আমার ছেলের পড়াশোনার খরচের জমানো টাকাসহ সবকিছু। সংঘাতের আগুনে পুড়ে আজ আমি নিঃস্ব।’ গত সোমবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভাই ভাই ছড়া এলাকায় এভাবেই বিলাপ করে কাঁদেন প্রিয় কুসুম চাকমা।প্রিয় কুসুমের ছেলে সুনয়ন চাকমা লেখাপড়া করছে চট্টগ্রামের নাছিরাবাদে পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় সেমিস্টারে। দ্রুত পরীক্ষার টাকা চেয়ে বাবার কাছে চিঠি লিখেছিলেন সুনয়ন। চিঠি পাওয়ার পর প্রিয় কুসুম চাষ করা হলুদ তুলে ঘরে রাখেন, ঋণ করেন ১০ হাজার টাকা। কিন্তু ছেলের জন্য আর টাকা পাঠাতে পারেননি। গত শনিবারের পাহাড়ি-বাঙালি সংঘাতের সময় আগুনে তাঁর হলুদ, টাকা সব পুড়ে যায়। শুধু প্রাণ নিয়ে বের হতে পারেন বাড়ি থেকে। এখন তাঁর আশ্রয় জঙ্গলে।ভাই ভাই ছড়ার হেডম্যান শোভারাম চাকমা জানান, প্রিয় কুসুম চাকমার স্বপ্ন ছিল, ছেলে পলিটেকনিক থেকে পাস করে প্রকৌশলী হবে। তিনি বলেন, ‘আমরা যে তাঁকে সাহায্য করব তার উপায় নেই। গ্রামের সবাই এখন নিঃস্ব। আমার নিজেরও গরু-ছাগল লুট হয়েছে।’বাঘাইছড়ির গঙ্গারামমুখ এলাকায় গিয়ে কথা হয় খাগড়াছড়ির দীঘিনালা ডিগ্রি কলেজের ছাত্র রাজীব চাকমা ও লক্ষ্মীবাবু চাকমার সঙ্গে। তাঁরা জানালেন, তাঁদের বাড়ি নোয়াপাড়া গ্রামে। আগুনে পুরো গ্রাম শেষ। অনেক কষ্টে প্রথম বর্ষের বই কেনেন। সেই বইও পুড়েছে। বই কিনে আবার পড়ালেখা করতে পারবেন কি না এ নিয়ে সংশয়ে আছেন।ব্র্যাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রের তৃতীয় শ্রেণীর ছাত্রী মেরিনা চাকমা, জারুলছড়ি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শান্তি বিকাশ চাকমা, বাঘাইহাট প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র লিটন চাকমাসহ ১০-১৫ জন শিক্ষার্থী বলে, ‘তিন দিন উপোস ছিলাম। জঙ্গলে রাত কাটিয়েছি। থাকার ঘরই তো নেই, বই খাতার খোঁজ নেব কী করে।’দিল লাল চাকমা জানান, তাঁর ছেলে মিঠুন চাকমা এসএসসি পরীক্ষা দিচ্ছে, বসত বাড়ি তো শেষ। জানি না ছেলের পরীক্ষা কেমন হচ্ছে। আশা রানী চাকমা জানান, তাঁর ছেলে সুখেন চাকমা বাঘাইহাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। আগুনে বই, খাতা সব পুড়ে গেছে। বাঘাইহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবৌধি চাকমা জানান, ভাগ্য ভালো, এসএসসি পরীক্ষার্থীরা বাঘাইছড়ি উপজেলার পাশে থেকে পরীক্ষা দিচ্ছে। নইলে এ সংঘাতে শিক্ষার্থীদের ভীষণ ক্ষতি হয়ে যেত। তিনি জানান, তাঁর বিদ্যালয়ের ১০০ ছাত্রছাত্রীর বই-খাতা পুড়ে গেছে বলে জানতে পেরেছেন।সীমানাছড়ার মাসুদা বেগম ও আনোয়ারা বেগম জানান, ‘জীবন নিয়ে পালিয়ে এসেছি। ছেলেদের বই-খাতার খবর নিতে পারিনি। ১৫-২০ জনের মতো বাঙালি ছাত্রছাত্রীর বই-খাতা পুড়েছে।’ বাঘাইহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জানান, যেসব ছাত্রছাত্রীর বই খাতা পুড়েছে, তাদের তালিকা করা হয়েছে। তবে কতজনের বই-খাতা পুড়েছে, সেই তালিকা দিতে পারেননি তিনি।