সংঘাতের বিরুদ্ধে শান্তির সংস্কৃতি ধারণের আহ্বান
সহিংসতা-সংঘাতের বিরুদ্ধে প্রত্যেক মানুষের মনে ‘শান্তির সংস্কৃতি’ ধারণ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের ‘সংঘাত প্রতিরোধ ও অব্যাহত শান্তি’ শীর্ষক এক উন্মুক্ত বিতর্কে এই আহ্বান জানান মোমেন।
স্থায়ী প্রতিনিধি বলেন, জাতিসংঘের ২০১৭ সালের ‘ইয়ার ফর পিস’-এর আলোকে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করবে।
মোমেন বলেন, জাতিসংঘ মহাসচিবের ‘শান্তি প্রথম’ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে সংঘাত নিরোধ ও তা মোকাবিলায় সংস্থাটিকে আরও দৃশ্যমান, কার্যকর ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।
স্থায়ী প্রতিনিধি বলেন, বিশ্বে দারিদ্র্য, অনুন্নয়ন, বৈষম্য, অসহিষ্ণুতা ও নির্যাতনের মতো সহিংসতা বা সংঘাতের মূল কারণগুলো নিরসনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে। সহিংসতা ও সংঘাতের বিরুদ্ধে প্রত্যেক মানুষের মনে ধারণ করতে হবে ‘শান্তির সংস্কৃতি’।
নতুন বছরের শুরুতে নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রোমের সভাপতিত্বে ওই বিতর্কে ৯০টিরও বেশি সদস্য রাষ্ট্র অংশ নেয়।
বৈঠকের শুরুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শান্তির পক্ষে কূটনীতির ওপর গুরুত্ব দেন। সংঘাত নিরোধে বিশ্বনেতাদের তাঁদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বান জানান।