সংঘাতের রাজনীতি বাদ দিয়ে আলোচনায় বসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান দুই রাজনৈতিক দলকে বিরোধ ও সংঘাতের রাজনীতি পরিহার করতে হবে। অন্যথায় সরকারপদ্ধতিতে আবারও অনির্বাচিত ব্যক্তিদের হস্তক্ষেপের সুযোগ তৈরি হবে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। ‘বাংলাদেশের রাজনীতি কোন পথে’ শীর্ষক এই আলোচনার মূল বক্তা অধ্যাপক রওনক জাহান বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর আশা করা হয়েছিল, দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা ঐকমত্যকে অগ্রাধিকার দেবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দলগুলো বিরোধপূর্ণ সম্পর্কে লিপ্ত। তারা আগামী নির্বাচনের জন্য গ্রহণযোগ্য মতৈক্যে পৌঁছতে পারেনি। রওনক জাহান আরও বলেন, গত তিন বছরে দেশের মানুষ আগের সরকারের আমলে ঘটে যাওয়া বোমা-গ্রেনেড হামলার মতো ঘটনা প্রত্যক্ষ করেনি। কিন্তু কিছু কিছু বিষয় উৎকণ্ঠার জন্ম দেয়। বর্তমান সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হলেও ভবিষ্যতে নির্বাচন কমিশন কতটুকু স্বাধীনভাবে কাজ করবে, তা প্রশ্নবিদ্ধ। সুশীল সমাজ এবং গণমাধ্যমের সমালোচনা গ্রহণ করার ক্ষেত্রে সরকার দৃষ্টিভঙ্গি সহিষ্ণু নয় বলে রওনক জাহান মন্তব্য করেন। গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও সুশাসন চায়। কিন্তু চাঁদাবাজি, টেন্ডারবাজি গণতন্ত্রের ভাষা নয়। সুশাসন কায়েম করতে হলে দলগুলোকে আলোচনায় বসতে হবে। সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, দেশের মানুষ সচেতন। তারা রাজনীতিতে বিকল্প শক্তি খুঁজে পায় না। কিন্তু খুঁজে নেওয়ার দায়িত্ব তাদের। এ বিষয়ে তাদের সচেতন করার দায়িত্ব নাগরিক সমাজের। সংবিধান বিশেষজ্ঞ আমীর-উল ইসলাম বলেন, প্রধান দুই দলের অবস্থা প্রেম-প্রত্যাখ্যাত প্রেমিকের মতো। একটি ছেলে প্রেম না পেয়ে একটি মেয়ের মুখে যেভাবে এসিড মেরে দেয়, সে রকমই এখন যে দল নির্বাচনে হেরে যায়, তারা ক্ষমতাসীন দলের বিরোধিতা করতে গিয়ে গণতন্ত্রের মুখে এসিড ছুড়ে দিচ্ছে।অনুষ্ঠানের সঞ্চালক হাফিজউদ্দিন খান বলেন, তত্ত্বাবধায়ক সরকার যে পদ্ধতিতে ছিল, তা না হয়ে অন্যভাবেও গ্রহণ করা যায়। তবে তার আগে রাজনৈতিক দলগুলোর দীনতা দূর করার জন্য বড় ধরনের সামাজিক আন্দোলন দরকার। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি হায়দার আকবর খান রনো বলেন, চারদলীয় জোট সরকারের আমলে চলেছিল অপারেশন ক্লিনহার্ট। এখন চলছে গুম আর ক্রসফায়ার। এভাবে চললে গণতন্ত্র থাকে কীভাবে?বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, বর্তমানে গণতন্ত্র অন্ধকারে আছে। এ অবস্থা থেকে উত্তরণের উপায় তত্ত্বাবধায়ক সরকার। তা না হলে গণতন্ত্রের সমাধি হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুহ-উল আলম লেনিন বলেন, গণতন্ত্র হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে। এ নিয়ে হতাশার কিছু নেই। তবে নির্বাচন গ্রহণযোগ্য এবং সংসদকে কার্যকর করা নিয়ে আলোচনা হতে পারে। মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ছেলেরা আজকাল বিশ্ব জয় করছে। কিন্তু দুই নেত্রীর ঝগড়া থামাতে পারছে না। ঝগড়াটা এমন পর্যায়ে যে, এখন একজন অন্যজনকে বলছে, “তুই খেলা দেখতে আসলি কেন?” এ অবস্থা থেকে দেশকে বাঁচানোর জন্য উদ্যোগ নিতে হবে শীর্ষস্থানীয় নেতাদের। মনে রাখতে হবে, হাসিনা যেখানে প্রধানমন্ত্রী, সেখানে বিএনপি নির্বাচনে যাবে না। কিন্তু সমস্যা হলো নেত্রী যা বলেন, দলের নেতাদের কাছে সেটাই গণতন্ত্র। নেত্রীর কক্ষ থেকে বের হয়ে আসার আগে তাঁরা সেটাই আওড়াতে থাকেন।’ আলোচনায় আরও অংশ নেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুজনের সম্পাদক বদিউল আলম মুজমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিচারপতি এবাদুল হক, বিএনপির সাংসদ রাশেদা বেগম ও সিপিবির নেতা রুহিন হোসেন।