সংজ্ঞা ঠিক না করেই মুক্তিযোদ্ধার তালিকা কেন অবৈধ নয়
মুক্তিযোদ্ধার সংজ্ঞা ঠিক না করেই চূড়ান্ত তালিকা প্রকাশ করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। খবর বাসসের।
আজ বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ এ আদেশ দেন।
চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও আইন সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুর রহমান ও হাসানাত কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন।
আইনজীবী হাসানাত কাইয়ুম পরে সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ না করেই বিভিন্ন সময় বিভিন্ন সরকার তাদের মতো করে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করেছে, যার কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছেন। আবার অনেকে মুক্তিযুদ্ধে অংশ না নিয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তাই মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করে সঠিকভাবে তালিকা প্রকাশ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়।
মুক্তিযোদ্ধা এস এম সোহরাব রিটটি দায়ের করেন।