মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুলেশ চন্দ্র চন্দর (‘মন্টু স্যার’ নামে পরিচিত) শেষ কর্মদিবসে গত মঙ্গলবার তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সকালে তিনি বিদ্যালয়ে যাওয়ার পথে দুই পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে প্রিয় শিক্ষককে অভিনন্দন জানায়। কুলেশ চন্দ্র উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারও। বেলা ১১টার দিকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুবুল কাজল। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা, তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে কুলেশ চন্দ্রের হাতে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। তা ছাড়া এ উপলক্ষে আলোকবর্তিকা নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়।