সংবর্ধনা অনুষ্ঠান রূপ নিল জেলার দাবিতে
দিনাজপুরের বিরামপুরে গতকাল রোববার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা শহরের মিজান মার্কেট চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে আসা অতিথি ও এলাকাবাসী বিরামপুরের পাশের ছয় উপজেলাকে নিয়ে বিরামপুর জেলা বাস্তবায়নের জোর দাবি তোলেন।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক, অতিথি এবং এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মোস্তাফিজুর রহমান দিনাজপুরের ছয় উপজেলা বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট নিয়ে জেলা করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন। মন্ত্রীর আশ্বাস পেয়ে এলাকাবাসী খুশি হন। অনুষ্ঠানে বিরামপুরসহ পাশের উপজেলাগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান ও শ্রেণী-পেশার মানুষ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন। সাংসদ শিবলী সাদিক বলেন, ‘আমার বাবা সাংসদ থাকা অবস্থায় বিরামপুরে জেলা বাস্তবায়নের জন্য জাতীয় সংসদে প্রস্তাব রেখেছিলেন। আমিও সংসদের প্রথম অধিবেশনের প্রথম বক্তব্যে বিরামপুর জেলা বাস্তবায়নের দাবি জানাব।’
অনুষ্ঠানে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতাফুজ্জামান, ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী ও পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক বিরামপুর জেলা বাস্তবায়নের জোর দাবি জানিয়ে বক্তৃতা করেন। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলতাফুজ্জামান জানান, ছয় উপজেলার জনগণ ২০ বছর ধরে বিরামপুর জেলা বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিরামপুরকে জেলা করার দাবি জানান।