সংবর্ধনা না পেয়ে গাড়ি ভাঙচুর

সংবর্ধনা না পেয়ে রাজধানীর শাহবাগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করেন সাইফুর’স কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সংবর্ধনায় উপহার পাওয়া অন্য শিক্ষার্থীদের গেঞ্জি কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুর’স কোচিং সেন্টারে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন এমন শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে গতকাল বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের একটি কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে কোচিং কর্তৃপক্ষ। কিন্তু ওই কক্ষে স্থানের সংকুলান না হওয়ায় শতাধিক শিক্ষার্থীকে বাইরে থাকতে হয়। এ সময় ওই শিক্ষার্থীরা ‘সাইফুর’স ভুয়া’ বলেও স্লোগান দেন। একপর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে সংবর্ধনা পেয়ে বের হওয়া শিক্ষার্থীদের উপহার হিসেবে পাওয়া গেঞ্জি কেড়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এ নিয়ে হট্টগোলের একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহবাগের মোড়ে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা কয়েকটি যানবাহনকে লক্ষ করে কাঠের টুকরা ও ঢিল ছুড়ে মারেন। এতে কয়েকটি যানবাহন ভাঙচুরের শিকার হয়। এ ঘটনায় শাহবাগ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।
এ ব্যাপারে জানতে বেশ কয়েকবার সাইফুর’স কোচিং সেন্টারের মালিক সাইফুর রহমানের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।