সংবর্ধনা নিতে এসে কষ্টের কথা বললেন চিকিৎসকেরা
‘গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সারা দিনে এক ঘণ্টা বিদ্যুৎ থাকে কি না, সন্দেহ। ঢাকার কাছের একটি উপজেলা হওয়া সত্ত্বেও এই আধুনিক যুগে এসে এখনো হারিকেন দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা দিতে হয়। পানির সমস্যা তো রয়েছেই। রাতে ভুতুড়ে পরিবেশে আমরা কয়েকজন নারী চিকিৎসক চরম নিরাপত্তাহীনতায় থাকি।’
গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক পাপড়ি নাসরিন গতকাল সোমবার জেলা প্রশাসনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসে এসব কথা বলেন। তিনি রাতে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান। ‘আমরা আলোর পথযাত্রী’ স্লোগান নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জে নতুন যোগ দেওয়া ৬০ জন চিকিৎসককে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি চিকিৎসক কাজী মাহমুদা আক্তার বলেন, ‘আমি যেখানেই যাই, বলি, আমাদের হাসপাতালে গাইনি চিকিৎসা ও সিজার হয়ে থাকে। কিন্তু একটি আল্ট্রাসনোগ্রাম যন্ত্রের অভাবে রোগীদের চিকিৎসা প্রদানে সমস্যা হচ্ছে।’ আল্ট্রাসনোগ্রাম যন্ত্রের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন তিনি। জেলায় কর্মরত আরও অনেক চিকিৎসক যথাসময়ে বেতন না পাওয়া এবং চিকিৎসা করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হওয়ার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসকের সভাকক্ষে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার, সিভিল সার্জন শরিফুল আলম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান, সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলে আজিম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এহসানুল করিম প্রমুখ।
জেলা প্রশাসক সাইফুল হাসান বলেন, ‘আপনাদের কাজের প্রতি উৎসাহ জোগাতে আমরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা যে নিঃসঙ্কোচে কর্মক্ষেত্রে যোগ দিয়ে সমস্যার কথাগুলো জানালেন, এই সমস্যা সমাধানে প্রাণপণ চেষ্টা করা হবে।’ একই আশ্বাস প্রদান করেন সিভিল সার্জন শরিফুল আলম।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ও অতিথিরা চিকিৎসকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।