সংবর্ধনা সভায় যাননি প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করে গতকাল শনিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেননি পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর। অসুস্থতার কারণে প্রতিমন্ত্রী সংবর্ধনা সভায় উপস্থিত হননি বলে আয়োজক জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা জানান।
বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সীমা দাশ জানান, মন্ত্রী অসুস্থ, তাই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
তবে বান্দরবানে প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি নাম না প্রকাশের শর্তে জানান, বিদ্যালয় ছুটি দিয়ে সংবর্ধনা সভার আয়োজন নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর বিব্রতবোধ করেছেন। সে কারণে আয়োজকদের ডেকে সংবর্ধনা নেবেন না বলে জানিয়ে দেন। প্রতিমন্ত্রী না যাওয়ায় জেলা প্রশাসক, পুলিশ সুপারও সংবর্ধনা অনুষ্ঠানে যাননি।
বান্দরবান জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কামরুল ইসলাম জানান, মন্ত্রী গতকাল চট্টগ্রামের উদ্দেশে বান্দরবান ত্যাগ করেন।
সকাল সাড়ে ১০টায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের মিলনায়তনে শিক্ষক সমাবেশ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন, জেলা পরিষদ সদস্য কাজী মুজিবর রহমান, লক্ষ্মীপদ দাশ। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বান্দরবান জেলা সভাপতি সীমা দাশ।
সমাবেশে শিক্ষকেরা দাপ্তরিক কাজে যাতায়াত ভাতা প্রদান, দুর্গম এলাকা থেকে দাপ্তরিক ও পারিবারিক প্রয়োজনে যাতায়াতে উপজেলা ও জেলা শহরে শিক্ষক বিশ্রামাগার নির্মাণ, বিদ্যালয়সংলগ্ন আবাসন সুবিধা দেওয়াসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।