সংবর্ধনায় কাঁদলেন, কাঁদালেন সাভারের উদ্ধারকর্মীরা
সাভারের রানা প্লাজা ধসের এক মাস পূর্ণ হবে আজ। কিন্তু এখনো সেই বিভীষিকাময় দিনগুলোর ছবি তাড়া করছে তাঁদের। পিছু ছাড়ছে না মানুষের বাঁচার আকুতিভরা কণ্ঠ। জীবন বাজি রেখে উদ্ধারকাজে অংশ নেওয়া সেই উদ্ধারকর্মীরা তাই সংবর্ধনা নিতে এসে কান্নায় ভেঙে পড়লেন। কাঁদালেন উপস্থিত সবাইকে।রানা প্লাজা ধসের ঘটনায় স্বেচ্ছায় উদ্ধারকাজে অংশ নেওয়া ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল গতকাল বৃহস্পতিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় ফ্রেন্ডস ফর হিউম্যানিটি নামের সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। ৩১ জন উদ্ধারকর্মী ও তাঁদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ অ ম স আরেফিন সিদ্দিক।
সংবর্ধনা নিতে আসা উদ্ধারকর্মী এম এইচ আকবরি বলেন, ধ্বংসস্তূপ সরিয়ে সময়মতো পৌঁছাতে না পারায় অনেককেই বাঁচাতে পারেননি। তাই ভেতর থেকে ভেসে আসা ‘ভাই আমাদের বাঁচান’—এই আওয়াজটি এখনো তাঁকে তাড়া করে।
নাট্যকর্মী আসমা আকতার বক্তব্য দিতে এসে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘যখন হাসপাতালে কাতরাতে কাতরাতে রেহানা বলে, “আমার দুটো পা নেই, আমার পা ফিরিয়ে দেন আপা।” যখন শিল্পী বলে, “আমার দুটো হাত নেই, আমার দুটি হাত ফিরিয়ে দেন,” তখন আমার কী-ই বা করার থাকতে পারে। যখন নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির মা ফোন করে তাঁর ছেলের সন্ধান চান, তখন আমরা কী-ই বা করতে পারি। শুধু এটুকু প্রত্যাশা করতে পারি, যেখানে আছো ভালো থেকো।’
উদ্ধারকর্মী ওমর ফারুক গলায় আঘাত নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরে হাসপাতালে তাঁর লাশ পাওয়া যায়। ওমর ফারুকের বোন আয়শা মিয়াজী তাঁর ভাইকে হাসপাতালে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন এবং হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন।
আ আ ম স আরেফিন সিদ্দিক ভবনধসের ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক খোন্দকার মোকাদ্দেম হোসেন, শাহিন ইসলাম, জিয়াউর রহমান ও ফ্রেন্ডস ফর হিউম্যানিটির সংগঠক আরিফুল হক প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে উদ্ধারকাজ করতে গিয়ে নিহত এজাজ উদ্দীন কায়কোবাদ ও ওমর ফারুকের পরিবারের সদস্যরা ক্রেস্ট গ্রহণ করেন। বাকি ২৯ জন অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রেস্ট গ্রহণ করেন।
গত ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। এতে এক হাজার ১২৭ জন প্রাণ হারান। জীবিত উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৮ জনকে।