সংবর্ধনার আগে ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মো. রফিকুল ইসলাম ওরফে বাবুলকে গতকাল বুধবার স্থানীয় একটি বিদ্যালয়ে সংবর্ধনা দেওয়ার কথা ছিল। তবে তার আগেই শিক্ষককে লাঞ্ছিত করার একটি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে সমাজসেবায় অবদান রাখার জন্য কয়েকটি সম্মাননা পান ইউপি চেয়ারম্যান রফিকুল। এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল বেলা তিনটায় বড়কাটালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
তবে মঙ্গলবার বাগেরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে (মংলা) জামিন নিতে গেলে বিচারক নুসরাত জাহান ইউপি চেয়ারম্যানের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। আদালত সূত্রে জানা গেছে, গত ১৪ জুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহকারী বড় কাটালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরিদা ইয়াসমিনকে কাজে বাধা দেওয়াসহ তাঁকে মারধর করে আহত করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। সে সময় ইয়াসমিনের স্বামী রফিকুল ইসলাম বাধা দিতে গেলে তাঁকেও মারধর করেন চেয়ারম্যান।
ওই ঘটনায় বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশে ১০ জুলাই রামপাল থানায় ইয়াসমিনের স্বামী বাদী হয়ে মামলা করেন। মামলাটি প্রথমে রামপাল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন তদন্ত করছিলেন। পরে তদন্তকাজে গাফিলতি ও বাদীকে সহায়তা না করার অভিযোগে মামলাটি বাগেরহাট ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের চেয়ারম্যান সাহেব বিভিন্ন সংস্থা থেকে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জেনারেল ওসমানী স্বর্ণপদক, মহানায়ক উত্তম কুমার সম্মাননা, সম্রাট জহিরউদ্দিন মো. বাবর সম্মাননা, শেরেবাংলা স্মৃতি গোল্ড অ্যাওয়ার্ড, মাদার তেরেসা অ্যাওয়ার্ড ও কবি মাইকেল মধুসূদন স্বর্ণপদক পেয়েছেন। এ ছাড়া একটি মানবাধিকার সংস্থা থেকে পদকের জন্য চিঠি এসেছে। তিনি বর্তমানে কারাগারে থাকায় তাঁর সংবর্ধনা অনুষ্ঠান আমরা স্থগিত করেছি।’