সংবর্ধনার নামে নির্বাচনী সভা সংসদ উপনেতার
গণসংবর্ধনার নামে ফরিদপুরে নির্বাচনী সভা করলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। গতকাল শনিবার বিকেলে ফরিদপুরের সালথা কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় দুই উপজেলার দুই চেয়ারম্যান পদপ্রার্থীসহ চারজন অংশ নেন।
সাজেদা চৌধুরী আবার সংসদ উপনেতা নির্বাচিত হওয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করে সালথা কলেজ। অনুষ্ঠানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের হাত ধরে পরিচয় করিয়ে দেন সাজেদা চৌধুরী। তিনি তাঁদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচনের পর আবার আসব। আইন না থাকায় নির্বাচনের সময় এলাকায় থাকতে পারব না।’
গত ২৯ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনের ২২ বিধির ২২ক ধারা অনুযায়ী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনোনয়নপত্র দাখিলের সময় থেকে ভোট গ্রহণের তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বা সংস্থা বা এনজিওর কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।
সংবর্ধনা অনুষ্ঠানে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এবারের প্রার্থী দেলোয়ার হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন। এ ছাড়া নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রার্থী মনিরুজ্জামান সরদার, সালথার ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমান বক্তব্য দেন। মঞ্চে উপস্থিত ছিলেন সালথার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হোসনে আরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সাজেদা চৌধুরীর ছেলে ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর।
সালথা উপজেলা রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস রাসেল হোসেন বলেন, দেলোয়ার হোসেনসহ অন্য প্রার্থীদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ায় আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, ‘সংবর্ধনায় আমি যোগ দিয়েছি। আমি নিজে ভোট চাইনি। তাই আচরণবিধিও লঙ্ঘন করা হয়নি।’