সংবর্ধিত হলেন আবুল খায়ের
‘লিটু (আবুল খায়ের) আমাদের বোকা বানিয়েছে। শুরুতে আমরা বলেছিলাম, স্টেডিয়ামে উচ্চাঙ্গসংগীত উৎসব করা পাগলের কাজ। লিটু আমাদের শিখিয়েছে, উচ্চাকাঙ্ক্ষী হতে হয়।’ কথাগুলো বলছিলেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।
দেশের অনেক মানুষ এখন অপেক্ষা করে কবে আসবে নভেম্বর মাস, শুরু হবে উচ্চাঙ্গসংগীত উৎসব। সংগীত, চিত্রকলা ও সাহিত্যে অবদানের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বেঙ্গল ফাউন্ডেশন। আর সে জন্য সম্মাননা জানানো হলো প্রতিষ্ঠানটির সভাপতি আবুল খায়েরকে।
গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন আবুল খায়েরের বন্ধু ও শুভানুধ্যায়ীরা। উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কণ্ঠ ও নৃত্যশিল্পী, অভিনেতা ও চিত্রকর, শিক্ষক ও রাজনীতিবিদেরা। তাঁদের উপস্থিতিতে গান, স্মৃতিচারণা ও প্রশস্তিবাক্যে অভিনন্দিত করা হয় আবুল খায়েরকে। তাঁকে শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা দেন মাহ্ফুজ আনাম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
স্বাগত বক্তব্যে মাহ্ফুজ আনাম বলেন, ‘উচ্চাঙ্গসংগীত উৎসব আয়োজনের তিনটি গুরুত্বপূর্ণ দিক ছিল—এক. যা করতে হবে বড় করে করতে হবে, দুই. পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীদের সমাগম ঘটাতে হবে এবং তিন. বড় অনুষ্ঠান হিসেবে প্রবেশমূল্য ছাড়া করতে হবে। সে করে দেখিয়েছে।’
আসাদুজ্জামান নূর বলেন, ‘এ উৎসবে না গেলে মানসম্মান থাকে না। লোকে বলে মিস করেছেন, যেন জাত চলে গেল। তাই কাজ ফেলে হলেও যেতে হয়। সরকারের যা করার কথা, সেটা লিটু করে দিচ্ছেন। প্রত্যাশা করি, তিনি আরও বড় কাজ করুন।’
সবাইকে অবাক করে দিয়ে মঞ্চে আসেন আবুল খায়েরের মা মমতাজ খালেক। সন্তানকে আশীর্বাদ জানিয়ে তিনি বলেন, ‘আমার ছেলে শুধু দেশের নয়, সারা পৃথিবীর। সে যেন দীর্ঘজীবী হয়।’
আবুল খায়েরসহ মঞ্চে ডাকা হয় বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, পরিচালক জিনাত আফরোজা, ব্লুজ কমিউনিকেশনের প্রধান নির্বাহী ফরহাদুল ইসলাম ও অনুষ্ঠান ব্যবস্থাপক রেজওয়ানকে। তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আবুল খায়ের ও তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হয় বিদুষী গিরিজা দেবীর সঙ্গে তোলা তাঁদের মা-সন্তানের ছবি।
আবুল খায়ের বলেন, ‘আমার জীবন সার্থক যে আমি মমতাজ খালেকের গর্ভে জন্মেছি, আমার বন্ধুভাগ্য খুব ভালো।’ তিনি বলেন, ‘মতি (মতিউর রহমান) ভাইয়ের সঙ্গে আমার পরিচয় সেই ষাটের দশক থেকে। তিনি সব সময় আমাকে সহযোগিতা করেছেন। স্বপ্ন দেখতে ভালোবাসি। ইচ্ছে ও সৎ উদ্দেশ্য থাকলে নাকি স্বপ্ন সার্থক হয়। সে জন্যই হয়তো নিজের কাজের জন্য আজ সম্মান পাচ্ছি।’
মতিউর রহমান বলেন, ‘লিটুর সঙ্গে দীর্ঘদিনের একটা ঝগড়া ছিল। সাপ্তাহিক একতা ও ভোরের কাগজ করার সময় আমি তার বিরুদ্ধে বড় বড় প্রতিবেদন প্রকাশ করেছিলাম। কিন্তু আদালত একসময় জানিয়ে দেন, তার নামে মামলা করা যাবে না। সে বেঙ্গল ফাউন্ডেশন করেছে, সংস্কৃতির ক্ষেত্রে উদাহরণ সৃষ্টির মতো কাজ করছে। সে দেশের মঙ্গলের জন্য চিন্তা করে। আমার মনে হয়, সে আরও বড় কিছু করবে।’
সম্মাননা অনুষ্ঠানে গান শোনান শামা রহমান ও অদিতি মহসিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, আবদুল্লাহ আবু সায়ীদ, রুনা লায়লা, আলমগীর, আনোয়ারা সৈয়দ হক, রামেন্দু মজুমদার, মুনতাসীর মামুন, মফিদুল হক, রুবী গজনবী, শিল্পী উদয় ভাওয়ালকর, পণ্ডিত কুশল দাস, চিত্রকর আবুল বারক আলভী, মনিরুল ইসলাম, হাশেম খান, অভিনয়শিল্পী ইলিয়াস কাঞ্চন, আফজাল হোসেন, জাহিদ হাসান, তৃষা, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং বিভিন্ন অঙ্গনের আরও গুণীজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।