সংবর্ধিত হলেন জহিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জহিরুল আলম সিদ্দিকীকে (ডানে) গতকাল সংবর্ধনা দেয় হাওর উন্নয়ন সংস্থা l প্রথম আলো
কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জহিরুল আলম সিদ্দিকীকে (ডানে) গতকাল সংবর্ধনা দেয় হাওর উন্নয়ন সংস্থা l প্রথম আলো

প্রাথমিক অবস্থায় ক্যানসার শনাক্তকরণ যন্ত্র (ডিভাইস) আবিষ্কারের ক্ষেত্রে অবদান রাখা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বিজ্ঞানী জহিরুল আলম সিদ্দিকীকে সংবর্ধনা দিয়েছে ‘হাওর উন্নয়ন সংস্থা’। গতকাল শুক্রবার রাতে সিলেট সিটি করপোরেশনের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
জহিরুলের জন্ম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী গ্রামে। তাঁর বাবা আবদুল হাকিম তালুকদার ও মা মজলিছুন নেছা তালুকদার গ্রামের বাড়িতেই থাকেন। এক মেয়ে ও এক ছেলের জনক জহিরুল। স্ত্রী-সন্তানসহ অস্ট্রেলিয়াতেই থাকেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। অনুষ্ঠানের শুরুতে তাঁকে সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়।
হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। আরও ছিলেন সিলেটের সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. সালেহ উদ্দিন আহমদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ও সিলেট চেম্বারের সাবেক সহসভাপতি নাসিম হোসাইন।
বাংলাদেশি বিজ্ঞানী জহিরুল ২০১২ সালে অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিল থেকে অনুদান পেয়ে ‘ন্যানোশিয়ারিং’ নামে এমন এক ধরনের পদ্ধতি উদ্ভাবন করেন, যার মাধ্যমে মানব রক্তের অভ্যন্তরে অবস্থিত অতি বিরল এক ধরনের কোষ (সার্কুলেটিং টিউমার সেল বা সিটিসি) সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে সম্ভব হয়। তাঁর এই আবিষ্কার আমেরিকান কেমিক্যাল সোসাইটির জার্নালসহ কয়েকটি বিখ্যাত জার্নালে প্রকাশিত হয়েছে এবং তিনি ইতিমধ্যে এই আবিষ্কারের প্যাটেন্ট লাভ করেছেন। ন্যানোশিয়ারিং পদ্ধতির ভৌত গুণাবলি আবিষ্কারের জন্য গত বছরের শেষ দিকে জহিরুল অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিল থেকে অনুদান পান। এ-সংক্রান্ত অধিকতর গবেষণা ও গবেষণাটি সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ কাউন্সিল থেকেও অনুদান পেয়েছেন এবং এ লক্ষ্যে কাজ করছেন।
জহিরুল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, নিজের দেশের কথা বিবেচনায় রেখে এখন তাঁর লক্ষ্য, ডিভাইসটিকে সাধারণ মানুষের ব্যবহারোপযোগী করে তোলা। তিনি এখন সেই কাজেই ব্যস্ত।