সংবর্ধিত হলেন পাঁচ কীর্তিময়ী মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি মূর্খ মানুষ, কী কব? আমার হয়ে তুমি কিছু কয়ে যাও।’ মেয়ের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন শ্রেষ্ঠ মা সম্মাননাপ্রাপ্ত সানোয়ারা বেগম।
এরপর অদম্য মেধাবী মেয়ে শেফালি মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘মায়ের স্বপ্ন পূরণ করতেই আমার জন্ম। আমার মা শিক্ষার সুযোগ পাননি, তাঁর স্বপ্ন ছিল মেয়ে চিকিৎসক হবে।’
গতকাল রোববার আয়েশা মেমোরিয়াল হাসপাতাল আয়োজিত মা দিবসের অনুষ্ঠানে পাঁচজন গর্বিত মাকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুন, জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ, নারী উদ্যোক্তা মালেকা খান, অদম্য মেধাবী শেফালি আক্তারের মা সানোয়ারা বেগম ও চিত্রনায়ক ফেরদৌসের মা আছিয়া আশরাফ।
সানোয়ারা বেগমের স্বামী মারা যান ২০০৮ সালে৷ কিন্তু শত বাধা আর দারিদ্র্যের মধ্যেও মেয়ের লেখাপড়া বন্ধ করেননি৷ ২০১৩ সালে মেয়ে শেফালি চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। কিন্তু পড়ার খরচ জোগাতে হিমশিম খেতে হয় মাকে। মায়ের তাঁতের কাজ আর ভাইয়ের সামান্য আয়ে চলছে সংসার আর শেফালির পড়ার খরচ৷ ছলছল চোখে এসব কথা জানালেন শেফালি।
সংবর্ধিত আছিয়া আশরাফ হলেন ফেরদৌসের মা৷ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফেরদৌস বলেন, ‘এইচএসসি পরীক্ষায় আমার সাফল্যের ছবি পত্রিকায় দেখতে চেয়েছিলেন মা। কিন্তু তা হয়নি বলে মা খুব মন খারাপ করেছিলেন। তবে পুরস্কার না পেলে আমার মা এখনো মন খারাপ করেন।’
ছোট বড় সব পর্দায় মা বলতে যাঁর অবয়ব ভেসে ওঠে তিনি শর্মিলী আহমেদ। চার যুগেরও বেশি সময় তিনি তাঁর অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। তাঁর এক মেয়ে অভিনেত্রী তনিমা আহমেদ। তিনি বললেন, মায়েরা বেশি বয়সে অভিমানী হয়ে যান। তাঁরা একটু ভালোবাসা ছাড়া কিছুই চান না। তাই বৃদ্ধ বয়সে মায়েদের একটু বেশি যত্ন নিতে হবে।
মুক্তিযুদ্ধ এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে নারী পুনর্বাসনের ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে মালেকা খানের। মেয়ে বিশিষ্ট সাংবাদিক ও ছেলে অর্থনীতিবিদ।
অনুষ্ঠানে মালেকা খান দাবি জানান, ‘যারা নিজের সম্ভ্রম দিয়ে দেশ স্বাধীন করেছে, আমাদের একটি মানচিত্র দিয়েছে, তাদের একটি পরিচয় হোক, ওরা মুক্তিযোদ্ধা।’
অনুষ্ঠানে রাবেয়া খাতুনের পক্ষে সম্মাননা নেন রেজানুর হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মা সন্তানের শেষ আশ্রয়, মা সহজভাবে জীবনের বিশেষ বিষয় শিক্ষা দেন। মা বাবার কাজও করেন।
বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম৷ উপস্থিত িছলেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, পরিচালক আশীষ কুমার চক্রবর্তী প্রমুখ।