
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনের মঞ্চে বসা বাংলাদেশের গুণী কয়েকজন মানুষ। গুণীজনেরা কেউ স্বাধীনতা পদক ও কেউ একুশে পদকপ্রাপ্ত। তাঁরা সবাই নানা সময়ে ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম কান্ডারি।
এই গুণীজনেরা হলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আবৃত্তিশিল্পী আশরাফুল আলমসহ আরও কয়েকজন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামদানীর পরিবারের সদস্যরা। তিনি এখন বেঁচে নেই। একুশে পদকপ্রাপ্তরা হলেন দ্বিজেন শর্মা, কামাল লোহানী, মফিদুল হক, আবুল মোমেন, সারা যাকের, মাহমুদ সেলিম ও তানভীর মোকাম্মেল।
আনন্দলোকে মঙ্গলালোকে গানের সঙ্গে নাচ করে অতিথিদের বরণ করে নেন উদীচীর শিল্পীরা। এরপর তাঁদের ফুলের মালা পরিয়ে সংবর্ধিত করা হয়। তখন শিল্পীরা গাইলেন ‘দিনেই যদি হসরে কানা’ ও ‘মার জোরে টান’ গান দুটি। গুণীজনদের উত্তরীয়, ক্রেস্ট ও বই উপহার দেন উদীচীর নেতৃবৃন্দ। খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য লায়লা হাসানের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় খেলাঘরের বন্ধুরা। শুভেচ্ছা পর্ব শেষে স্বাগত বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার। তিনি বলেন, উদীচী এই দীর্ঘ পথচলায় যাঁদের পথনির্দেশে বিশাল পথ পাড়ি দিয়েছে, তাঁদের এই অর্জনে উদীচী গর্বিত। এই অর্জন তাঁদের ব্যক্তিগত হলেও উদীচীর মানুষ হিসেবে এ অর্জন বাংলাদেশের উদীচীর শিল্পী-কর্মীদের।
এরপর শুরু হয় গুণীজনদের প্রিয় কবিতা, গান ও আবৃত্তি পরিবেশনা। সৈয়দ হাসান ইমামের প্রিয় কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি’ পাঠ করেন কাজী মদীনা। তাঁর জীবনী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি দ্বিজেন শর্মা ও সারা যাকের। গোলাম সামদানীর পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তাঁর মেয়ে কানিজ গোফরানী।