
কোনো প্রতিবেদনের জন্য কাউকে যেন অহেতুক ক্ষতিগ্রস্ত হতে না হয়, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। খবর বাসসের।
সাংবাদিকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের অবশ্যই এ কথা মনে রাখতে হবে, আপনাদের রিপোর্টের জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা জাতি যেন কোনোভাবেই অহেতুক ক্ষতির শিকার না হয়।
গণমাধ্যম এবং গণতন্ত্রকে একে অপরের সম্পূরক হিসেবে উল্লেখ করে আবদুল হামিদ দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘সম্প্রতি সরকার ঘোষিত পে-স্কেলের ফলে সাংবাদিকেরা বৈষম্যবোধ করছেন। আমি আশা করব, সরকার এ ব্যাপারে যথাযথ মনোযোগ দেবে এবং সমস্যাটির সমাধান অচিরেই হবে।’ তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আমার দুয়ার আপনাদের জন্য সব সময়ই উন্মুক্ত, আর আমার পক্ষে যতটুকু করা সম্ভব তা আমি অবশ্যই করব।’
রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবাদ প্রচার ও প্রকাশে জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সংবাদমাধ্যমের কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকেরা জাতির বিবেক। গণমাধ্যমের কাছে জাতির অনেক প্রত্যাশা। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে গণমাধ্যম না থাকলে গণতন্ত্র অপূর্ণাঙ্গ থেকে যায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বিএফইউজের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ বক্তব্য দেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ডিইউজের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন।