সংবাদ প্রকাশ করায় হুমকির অভিযোগ
সংবাদ প্রকাশের জের ধরে গত রোববার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাতেই তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
হুমকি পাওয়া সাংবাদিকের নাম এস এম এরশাদ। তিনি মানবকণ্ঠ পত্রিকার মির্জাপুর প্রতিনিধি। তিনি মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত ১১ মার্চ রাতে র্যা ব-১২-এর সদস্যরা পোস্টকামুরী গ্রামে অভিযান চালান। তাঁরা গ্রামটির শহীদুল ইসলাম ও তাঁর এক সহযোগীকে ১৩৫টি ইয়াবা বড়ি, ১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন। খবরটি পরদিন মানবকণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। গত বুধবার শহীদুল জামিনে ছাড়া পান। রোববার রাত নয়টার দিকে এস এম এরশাদ তাঁর সহকর্মীদের সঙ্গে শহরের মেইন রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একই রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে শহীদুলও যাচ্ছিলেন। তিনি মোটরসাইকেল থামিয়ে তাঁকে গ্রেপ্তারের খবর পত্রিকায় প্রকাশ করায় এরশাদকে গালিগালাজ করেন ও হত্যার হুমকি দেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে শহিদুল দ্রুত চলে যান। এর প্রতিবাদে সোমবার বেলা ১১টায় মির্জাপুর প্রেসক্লাবের সদস্যরা জরুরি সভা করেন। এতে প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় বক্তারা হুমকির ঘটনার তীব্র নিন্দা ও শহিদুলের গ্রেপ্তার দাবি করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। শহীদুলকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’
এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও শহীদুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।