সংবাদ প্রকাশের জেরে শিবিরের সাংবাদিকদের মানববন্ধন
শিবিরপন্থী সাংবাদিকের বিরুদ্ধে বিক্ষোভের সংবাদ প্রকাশ করায় প্রথম আলোর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মিসবাহ্ উদ্দিনের বিরুদ্ধে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিবিরের সাংবাদিকেরা। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রোববার বেলা দেড়টার দিকে ‘মানববন্ধন’ লেখা একটি ব্যানার ও মিসবাহর বিরুদ্ধে লেখা পোস্টার নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাঁড়ান শিবিরের সাথি পদমর্যাদার দুই সাংবাদিক আবদুল্লাহ আল মামুন ওরফে মামুন আবদুল্লাহ ও গাজী সাদেক। তাঁরা কয়েকজন শিক্ষার্থীকে মানববন্ধনে যোগ দেওয়ার জন্য ডাকতে থাকেন। এতে ছাত্রলীগের সাজিদুল ইসলাম, হাসান, রাজীব মামুনসহ কয়েকজন যোগ দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শামসুজ্জামান চৌধুরীর পক্ষের কর্মী সঞ্জীবন চক্রবর্তী এবং হাফিজুর রহমান পক্ষের কর্মী আলী হাসানের নির্দেশে কয়েকজনসহ প্রায় ৩০ জন মানববন্ধনে যোগ দেন। শিবিরের সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে ছাত্রলীগের নেতা-কর্মীদের যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের যাঁরা মানববন্ধনে অংশ নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ প্রজন্ম চত্বর নিয়ে কটূক্তি, জামায়াত-শিবিরের গুপ্তচরবৃত্তি ও প্রেসক্লাবের ভুয়া পরিচয় দিয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপনের পক্ষের আন্দোলনের বিরোধিতা করে বিবৃতি দেওয়ার অভিযোগে গত শনিবার শিবিরপন্থী সাংবাদিক আবু তাহেরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এ নিয়ে গতকাল রোববার প্রথম আলোসহ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।