সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
সংবাদ প্রকাশের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলায় এক সাংবাদিকের ওপর হামলা হয়েছে। গতকাল শনিবার গৌরনদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়েরুল ইসলাম ওরফে ছান্টুর নেতৃত্বে এই হামলা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার শিকার সাংবাদিকের নাম খোন্দকার মনিরুজ্জামান। তিনি সমকাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি। তাঁকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ডের পাশে জোবায়েরুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের সাত-আটজন কর্মী লাঠিসোঁটা নিয়ে মনিরুজ্জামানের ওপর হামলা চালান। এ সময় তাঁকে বেধড়ক পেটানো হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তবে জোবায়েরুল ইসলাম দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গতকাল বিভিন্ন পত্রিকায় গৌরনদীতে বিএনপির গাড়িবহরে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন মর্মে সংবাদ প্রকাশিত হয়। মনিরুজ্জামান অভিযোগ করেন, সংবাদ প্রকাশের জের ধরেই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছে।