সংবাদ প্রকাশের পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর গ্রামে ১০ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে পিডিবি। গত ১১ সেপ্টেম্বর ওই গ্রামের ৬০ জন গ্রাহকের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে মিটার লাগিয়ে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছিল। এ ছাড়া মিটার ছাড়াও অনেক গ্রাহক বিদ্যুৎ-সংযোগ পেয়েছিলেন। এই সংযোগ দিতে পিডিবির কর্মকর্তাদের ঘুষ দেওয়ার নামে দালালেরা গ্রামবাসীর কাছ থেকে ২২ লাখ টাকা নিয়েছিল বলে সংবাদ প্রকাশের পরই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, এসব গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার আগেই পিডিবির কর্মকর্তাদের ঘুষ ও মিটার দেওয়ার নামে স্থানীয় কয়েকজন দালাল গ্রামের ২৫০ জন গ্রাহকের কাছ থেকে ২২ লাখ টাকা আদায় করে। পরে এ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর প্রথম আলোর বিশাল বাংলায় ‘নওগাঁয় মিটার ছাড়াই ব্যবহার শুরু, বিদ্যুৎ-সংযোগ দিতে এক গ্রাম থেকে ২২ লাখ টাকা আদায়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর দালাল ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো গ্রামটিতে বিদ্যুৎ সরবরাহই বন্ধ করে দেয় পিডিবি। মেরামতের কথা বলে গ্রামের বিদ্যুৎ সরবরাহ লাইন কেটে দিয়ে যান পিডিবির লোকজন। এরপর গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গ্রামে আর বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি।
গ্রামের গ্রাহকেরা বলেন, পিডিবির বিদ্যুৎ-সংযোগের জন্য দালালেরা প্রত্যেক গ্রাহকের কাছ থেকে মাথাপিছু নয় হাজার টাকা করে নিয়েছিল। ওই টাকার মধ্যে পিডিবির সান্তাহার কার্যালয়ের কর্মকর্তাদের ঘুষ বাবদ চার হাজার ও মিটার বাবদ চার হাজার টাকা দেওয়া হবে বলে দালালেরা তাঁদের জানিয়েছিল। গ্রামবাসীর অভিযোগ, বিদ্যুৎ-সংযোগের নামে ঘুষ আদায়ের ঘটনা ফাঁস হওয়ায় দালালেরা পিডিবির কর্মকর্তাদের হাত করে গোটা গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। এখন তারা বিদ্যুৎ-সংযোগের নামে কোনো টাকাপয়সা নেওয়া হয়নি মর্মে বক্তব্য নিতে চেষ্টা করছে। এতে কেউ স্বাক্ষর করতে চাননি বলে গ্রামের বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না।
পিডিবির সান্তাহার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে জানান, শ্রীরাম গ্রামে ঈদের দুদিন আগে শুধু ট্রান্সফরমার চালু করা হয়েছিল। তাঁরা গ্রামের কাউকে বিদ্যুৎ-সংযোগ দেননি। গ্রামের লোকজন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। বিষয়টি জানার পর সরবরাহ লাইন বন্ধ করে দেওয়া হয়েছে।
৬০ জন গ্রাহকের বাড়িতে পিডিবির লোকজন মিটার লাগিয়ে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ওই ৬০ জন গ্রাহকের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার সঙ্গে পিডিবির কেউ জড়িত নন বলে তিনি দাবি করেন।
তবে প্রকৌশলী জিল্লুর রহমান এর আগে ২৫ সেপ্টেম্বর প্রথম আলোকে জানিয়েছিলেন, ওই ৬০ জন গ্রাহককে পিডিবি থেকেই বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছিল।