সংবাদ প্রকাশের বিষয়ে আদালতের নির্দেশনা সঠিক: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদ প্রকাশের বিষয়ে আদালতের নির্দেশনা সঠিক।গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল শনিবার জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি আয়োজিত ‘তৃণমূল পর্যায়ে সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, তদন্ত কর্মকর্তাদের তদন্তের স্বার্থে গোপনীয়তা রক্ষা করা উচিত। এ ব্যাপারে আদালতের নির্দেশনার সঙ্গে তথ্য অধিকার আইন সাংঘর্ষিক হয়নি।আইনমন্ত্রী বলেন, তথ্যভিত্তিক সংবাদ সব সময় প্রশংসিত হয়। সেখানে কোনো হস্তক্ষেপ চলবে না। এ দুটি খুনের যাতে সঠিক তদন্ত হয় এবং সত্যিকারের খুনিরা বের হয়ে আসে, সে জন্য তথ্যভিত্তিক কোনো সংবাদ না হলে যেন তা পরিবেশন না করা হয়। সে জন্য আদালত ওই নির্দেশনা দিয়েছেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা ও দায়রা জজ বেগম তানজীনা ইসমাইল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশীষ রঞ্জন দাস, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদুজ্জামান।আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী।