সংবাদ বিশ্লেষণের প্রতিবাদ করেছে পুলিশ সদর দপ্তর
৬ আগস্ট প্রথম আলোতে প্রকাশিত ‘বিচারবহির্ভূত হত্যা নিয়ে পুলিশের বক্তব্যে বিস্ময়’ শীর্ষক সংবাদ বিশ্লেষণের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এতে সংবাদ বিশ্লেষণ সম্পর্কে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। দুটি মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে আনা হয়েছে আইন লঙ্ঘন ও অপপ্রচারের অভিযোগ।
প্রতিবাদে বলা হয়, অধিকার এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের আইনপরিপন্থী বক্তব্যের ভিত্তিতে দেওয়া পুলিশ সদর দপ্তরের বক্তব্য নিয়ে কয়েকজন এনজিও কর্মকর্তা প্রশ্ন তুলেছেন। আর সংবাদ বিশ্লেষণে পুলিশ সদর দপ্তরের বক্তব্য আংশিক প্রকাশ করে এনজিও কর্মকর্তাদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের দাবি, এটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নয়।
প্রতিবাদপত্রে বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পুলিশ প্রতিদিনই নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। কখনো কখনো পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা ছাড়াই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারে। চলতি বছরে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ২ হাজার ৫০৮টি অস্ত্রসহ ১ হাজার ৯৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আবার কখনো সন্ত্রাসীরাই উল্টো পুলিশকে চ্যালেঞ্জ জানায়। সন্ত্রাসীরা এ দেশের পুলিশ, বিচারক থেকে শুরু করে নানা পেশার মানুষের ওপর হামলা চালিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। জুলাইয়ে সন্ত্রাসীরা কক্সবাজার এবং মেহেরপুর জেলায় দুজন পুলিশকে খুন করে। কুমিল্লায় দায়িত্ব পালন করা পুলিশকে গাড়িচাপা দিয়েছে। সন্ত্রাসীদের হামলায় পুলিশ মারা যাবে, আর পুলিশ নির্বিকার তাকিয়ে থাকবে—এ রকম ভাববার কোনো কারণ আছে কি? পুলিশ যখন দেখে যে তার জীবন বিপন্নপ্রায়, তখন সে আত্মরক্ষার জন্য গুলি চালাতে পারে। আইন তাকে সে অধিকার দিয়েছে। এ অধিকার প্রয়োগ না করলে সন্ত্রাসীদের হাতে কতজন পুলিশ মারা যেত, সেটা পরিসংখ্যানে আনা সম্ভব নয়।
পুলিশ সদর দপ্তরের বক্তব্য অনুযায়ী, পেশাগত দায়িত্ব পালনের সময় অনিবার্য না হলে শক্তি প্রয়োগের অধিকার পুলিশেরও নেই। সে জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহারে পুলিশের জবাবদিহি আছে। সেটা তদন্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এমনকি আদালতেও তা বিচার্য। আত্মরক্ষার ক্ষেত্রে পুলিশ যে নির্বিচারে শক্তি প্রয়োগ করে না, তার উদাহরণ তুলে ধরে বলা হয়, জুলাইয়ে পুলিশ ২৭০ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। এরা পুলিশের প্রতি গুলি ছোড়েনি, পুলিশও তাদের দিকে গুলি ছোড়েনি।
পুলিশ সদর দপ্তরের মতে, আইনবহির্ভূত অভিযোগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা আদালতের ভূমিকায় অবতীর্ণ হয়ে কাউকে দোষারোপ করা অবশ্যই এ দেশের আইনের শাসন এবং প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর শামিল। অধিকার ও বাংলাদেশ মানবাধিকার কমিশন আইনি কাঠামো ও বিচারিক প্রক্রিয়াপরিপন্থী অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে বলা হয়, এতে স্থানীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জনমত বিরূপভাবে প্রভাবিত হচ্ছে।
ওই সংস্থা দুটি সম্পর্কে পুলিশের আরও বক্তব্য হচ্ছে, একজন সাধারণ মানুষ আইন লঙ্ঘন করলে আইনের আওতায় আসবে, পুলিশ তার শক্তি প্রয়োগের জন্য তদন্তের কাঠগড়ায় দাঁড়াবে, আর এনজিওগুলো এ দেশের আইন লঙ্ঘন করে স্থানীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিরূপ জনমত গঠন করবে, তাদের অপপ্রচার সম্পর্কে কিছুই বলা যাবে না—এটা অযৌক্তিক, অনভিপ্রেত এবং অগ্রহণযোগ্য।
সংবাদ বিশ্লেষণে উল্লেখ করা দুর্নীতির বিরুদ্ধে কাজ করা একটি সংস্থা এবং একটি মানবাধিকার সংস্থার প্রধানের বক্তব্যও খণ্ডন করা হয়েছে।—বিজ্ঞপ্তি।