যশোরে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে দুই নারী সাংবাদিক নাজেহাল হয়েছেন।জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের বিরুদ্ধে ও যশোরে গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র হোসাইন আহম্মেদের স্মরণে গতকাল শুক্রবার শহরের ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশ ও দোয়া মাহফিলে এ ঘটনা ঘটে।নাজেহালের শিকার সাংবাদিকেরা হলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার শাহানারা বেগম এবং মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খান।প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সংগ্রহের জন্য ওই দুই সাংবাদিক সমাবেশস্থলে গেলে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কর্মীরা ক্ষুব্ধ হয়ে তাঁদের সমাবেশস্থল থেকে বের হয়ে যেতে বলেন। পরে তাঁরা আবারও সমাবেশস্থলে গেলে একই পরিস্থিতির সৃষ্টি হয়।সাংবাদিক শাহানারা বেগম বলেন, ‘সংবাদ সংগ্রহ করতে গেলে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কর্মীরা ক্ষুব্ধ হয়ে বলেন, “ইসলামী আইন বাস্তবায়নের সভায় নারীরা থাকতে পারবেন না। তাঁদেরকে বের করো, বের করো”।’ তিনি বলেন, এ সময় মাইকে ঘোষণা দেওয়া হয়, ‘তাঁরা সাংবাদিক। আপনারা তাঁদের কাজ করতে দিন।’ মোহনা টেলিভিশনের সাংবাদিক তামান্না ফারজানা খান বলেন, ‘মাথায় কাপড় টেনে দেওয়ার পর তাঁরা অনেকটা শান্ত হন।’এ ব্যাপারে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির যশোর শাখার যুগ্ম সম্পাদক হারুন-অর-রশীদ বলেন, জনগণ সমাবেশে নারী দেখে ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে মাইকে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানালে সবাই শান্ত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেন, ‘পবিত্র কোরআনের ওপর আঘাত এসেছে। তাই কোরআন নিয়ে হরতাল, মিছিল, সভা-সমাবেশ করা হবে।’অবিলম্বে হোসাইনের খুনিদের গ্রেপ্তার না করলে এক সপ্তাহের জন্য যশোর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন আমিনী। তিনি বলেন, গ্রেপ্তারকৃত কর্মীদের ছেড়ে না দিলে থানা ঘেরাও করা হবে। প্রয়োজনে কারাগারের তালা ভেঙে তাঁদের মুক্ত করা হবে।