সংবাদ সম্মেলন করার সময় শিবিরের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করার সময় গোয়েন্দা পুলিশ ছাত্রশিবিরের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার রাতে চকবাজারের কস্তুরিকা রেস্তোরাঁ থেকে তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, নাশকতা পরিকল্পনার জন্য ছাত্রশিবিরের নেতারা সেখানে জড়ো হয়েছিলেন। গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হলেন: ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি বদিউল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ শিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, শিবিরকর্মী ফজলুল করিম, শামীম ভুইয়া, শরীফুল ইসলাম, আল ইসলাম জাভেদ ও হাসান। বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন, শিবিরকর্মী নিহতের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিসহ চার দফা দাবিতে আকস্মিকভাবে ছাত্রশিবির এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সন্ধ্যা সাতটার দিকে এ সংবাদ সম্মেলনের কথা মুঠোফোনের মাধ্যমে ছাত্রশিবিরের নেতারা বিভিন্ন পত্রিকায় কর্মরত বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের জানান। গত ৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় শিবিরের দুজন নেতা নিহত হন। এরপর থেকে বিশ্ববিদ্যালয় ১৭ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। গতকাল রাত সোয়া আটটায় চকবাজারের কস্তুরিকা রেস্তোরাঁয় সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ছাত্রশিবির জানায়, ১৮ মার্চের মধ্যে তাঁদের চার দফা দাবি পূরণ না হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা হবে। দাবিগুলো হচ্ছে: সব হলে বৈধ আবাসিক ছাত্রদের অবস্থান নিশ্চিত করা, বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট তদন্ত কমিটি বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি এবং হত্যাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি বদিউল আলম। লিখিত বক্তব্য শেষ হওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ ওই রেস্তোরাঁ ঘিরে ফেলে। পরে সেখান থেকে আটজনকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত বলেন, ‘শিবিরের নেতা-কর্মীরা ওই রেস্তোরাঁয় নাশকতা করার জন্য মিলিত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তাঁদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা আছে।’