সংবাদ সম্মেলন করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঠাকুরকান্দি গ্রামের বন্দে আলীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলার তেওতা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও মালুচি গ্রামের বাসিন্দা হারুন-নুর রশিদ। এ সময় মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, জাসদের স্থানীয় নেতা আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় বন্দে আলী হারুন-নুর রশিদের বাড়ি থেকে স্বর্ণালংকার, ২০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান। একাত্তরের দালাল আইনের অভিযোগের তালিকায় আবদুর রশিদ শেখের নাম আছে। আবদুর রশিদ শেখের প্রধান সহযোগী ছিলেন বন্দে আলী। মুক্তিযুদ্ধ জাদুঘরের ১৬ নম্বর বইয়ের তালিকায় রাজাকার হিসেবে বন্দে আলীর নাম আছে। রশিদ ও বন্দে আলীর নির্দেশে ১৪ জনকে হত্যা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে বন্দে আলীর বিরুদ্ধে হারুন-নুর রশিদ ও মুক্তিযোদ্ধা মহিউদ্দিন পৃথক অভিযোগ দেন। অভিযোগ দুটি বর্তমানে তদন্তাধীন। এদিকে এর এক সপ্তাহ পর বন্দে আলীর ছোট ভাই সোরহাব হোসেন হারুন-নুর রশিদ ও মহিউদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে অভিযোগ করেন।
৯ নভেম্বর বন্দে আলীর বিচারের দাবিতে শিবালয়ে মানববন্ধন করা হয়। ওই দিন সন্ধ্যায় মুঠোফোনে বন্দে আলী বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাকে হয়রানি করতেই এসব অভিযোগ করা হয়েছে।’
জেলা গোয়েন্দা শাখার ডিআইও-১ কর্মকর্তা মনির হোসেন বলেন, দুই পক্ষের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো পক্ষের কর্মসূচিই তদন্তকে প্রভাবিত করতে পারবে না।