সংবাদ সম্মেলন ডেকে জাপার মহাসচিব উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ বাসায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়ে কাউকে কিছু না বলে চলে গেছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আজ শনিবার বেলা তিনটার দিকে গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলন করবেন বলে জানান রুহুল আমিন হাওলাদার। পরে বিকেল সাড়ে চারটার দিকে কাউকে কিছু না বলেই সাংবাদিকদের বসিয়ে রেখে সেখান থেকে চলে যান তিনি।


রওশন এরশাদের বাসা থেকে বের হয়ে দুপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবুল হক চুন্নু সাংবাদিকদের জানান, রওশনের নেতৃত্বে জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে।  এরপর সাংবাদিকেরা রুহুল আমিন হাওলাদারের  সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘তোমরা দুপুরবেলা এসেছ কিছু খাও। আমি আলাপ-আলোচনা করি। তোমাদের সঙ্গে কথা বলব।’ তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানান। সাংবাদিকেরা তাঁর বাসায় সাড়ে চারটা পর্যন্ত অপেক্ষা করেন। এর মধ্যে সাংবাদিকদের আপ্যায়ন করা হলেও রুহুল আমিন হাওলাদারের দেখা মেলেনি।  তিনি কোথায় জানতে চাইলে তাঁর ব্যক্তিগত সহকারী ইউনুস হাওলাদার জানান, ‘স্যার নেই।’ কখন আসবেন তিনি জানেন না। 

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে জোর করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার পর থেকেই রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের এড়িয়ে চলছেন বলে অভিযোগ রয়েছে।