সাংসদ সেলিম ওসমানের ডাকা আজ মঙ্গলবারের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুরোধে এ সংবাদ সম্মেলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে এক মুঠোফোন বার্তায় জানিয়েছেন সেলিম ওসমান।
জাতীয় পার্টির নির্বাহী কমিটির অনুমতি পেলে পরে এ সংবাদ সম্মেলন করা হবে বলেও মুঠোফোন বার্তায় জানান ওই সাংসদ।
গত রোববার বিকেলে সেলিম ওসমান জানিয়েছিলেন, মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনার দিন ‘আসলে কী ঘটেছিল তার তথ্য-প্রমাণ’ হাজির করবেন।
এর আগে গত বৃহস্পতিবারও নারায়ণগঞ্জ ক্লাবে সংবাদ সম্মেলন করেন সেলিম ওসমান। সেখানে তিনি দাবি করেন, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। জীবন বাঁচানোর জন্য তিনি স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেছেন। এ ব্যাপারে তথ্য-প্রমাণ আছে বলেও সাংসদ দাবি করেন।
সাংসদের অভিযোগ শুনে ওই দিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত। নারায়ণগঞ্জ হাসপাতালে শুয়ে তিনি জানান, সেদিন সেলিম ওসমান তাঁর দুই গালে দুটি করে চারটি চড় মারেন। এরপর বলেন, ‘শালা কান ধর’। ইসলাম ধর্ম নিয়ে কোনো কটূক্তি করেননি বলে জানান শিক্ষক। তিনি বলেন, সেদিনের পুরো ঘটনাই ছিল সাজানো।
শিক্ষার্থীকে মারধর ও ‘ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে ১৩ মে শ্যামল কান্তিকে স্থানীয় সাংসদের উপস্থিতিতে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় পরিচালনা কমিটি। ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা না পেয়ে সরকারি তদন্ত কমিটি গত বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল করে। আর শ্যামল কান্তিকে তাঁর স্বপদে বহাল করা হয়।
শিক্ষক শ্যামল কান্তি ভক্ত এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সেলিম ওসমানের ক্ষমা চাওয়া উচিত: গত রোববার ঢাকা মেডিকেলে শ্যামল কান্তিকে দেখতে গিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম সাংবাদিকদের বলেন, সেলিম ওসমান জাপার সাংসদ। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রয়েছে জাপার। তিনি বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ। আমি মনে করি, সংসদ সদস্যের ক্ষমা চাওয়া উচিত। এ ধরনের ঘটনার মাধ্যমে তিনি সব সংসদ সদস্যকে অপমান করেছেন।’ মোহাম্মদ নাসিম বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যে ধরনের প্রতিবাদ হয়েছে, তাঁদের এ প্রতিবাদের ভাষা বোঝা উচিত। আমি মনে করি তাঁরা নৈতিকভাবে পরাজিত হয়েছেন। ওই সংসদ সদস্যের যদি লজ্জা থাকে, তাহলে তিনি অধিবেশনে যোগ দেবেন না।’
গত রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে শিল্পমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটাক্ষ করার কোনো প্রমাণ মেলেনি। ওই শিক্ষককে হত্যার হুমকির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে।
একই দিন বিকেলে হাসপাতালে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, নিরাপত্তাসহকারে ওই শিক্ষক যাতে কাজ করে যেতে পারেন, সেই পরিবেশ রাষ্ট্রকে সৃষ্টি করতে হবে।
পদত্যাগ চাইল বিএনপি: গত রোববার শ্যামল কান্তি ভক্তকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। এ সময় তিনি সংসদ থেকে সেলিম ওসমানের পদত্যাগ দাবি করেন। সাংবাদিকদের মাহবুবুর রহমান বলেন, ‘একজন সাংসদ শিক্ষকের সঙ্গে যে আচরণ করেছেন, তাতে সাংসদের ওই পদে থাকা উচিত নয়। শিক্ষক যেভাবে অপমানিত, নির্যাতিত হয়েছেন, তাতে পুরো জাতি অপমানিত হয়েছে।’
হেফাজতের বিবৃতি: ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগের সত্যতা পাওয়া না গেলেও গতকাল সোমবার এক বিবৃতিতে হেফাজতে ইসলামের মহাসচিব মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী দাবি করেন, ‘শ্যামল কান্তি ভয়াবহভাবে ইসলামের অবমাননা করেছেন। এ জন্য তাঁকে বরখাস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
এর আগে গত শুক্রবার হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আবদুল আউয়ালের সভাপতিত্বে ‘সর্বস্তরের মুসলিম জনতার’ ব্যানারে এক সমাবেশ থেকে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। এর তিন দিনের মাথায় গতকাল দেওয়া বিবৃতিতে সেলিম ওসমানের প্রশংসা করে হেফাজত।
‘অপপ্রচার বন্ধের’ দাবি: এদিকে গত রোববার দুপুরে সেলিম ওসমানের বিরুদ্ধে ‘অপপ্রচার বন্ধের’ দাবিতে তাঁর অনুসারীরা নারায়ণগঞ্জে মানববন্ধন করেন। এতে বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে নারায়ণগঞ্জ নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল আলম বলেন, ‘সেলিম ওসমান শিক্ষককে কান ধরে ওঠবস করিয়ে সঠিক কাজ করেছেন।’