সংবাদ সম্মেলন ডেকে প্রশ্নের উত্তর দিলেন না ওসি
ঢাকার দোহার থানার ওসি মাহমুদুল হক গতকাল বুধবার সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তা শেষ করেছেন।
মাহমুদুল হক সকাল সাড়ে ১০টার দিকে মুঠোফোনের খুদে বার্তায় দোহার ও নবাবগঞ্জের সংবাদকর্মীদের সংবাদ সম্মেলনের আমন্ত্রণ জানান। সংবাদকর্মীরা উপস্থিত হলে তিনি একটি করে সংবাদ বিজ্ঞপ্তি ধরিয়ে দেন। কিন্তু সংবাদকর্মীরা তাঁকে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর না দিয়ে তিন মিনিটে তাঁর লিখিত বক্তব্য পড়া শেষ করেন। এতে বলা হয়, গত সাড়ে চার মাসের আইনশৃঙ্খলা ভালো, কোনো হত্যাকাণ্ড ঘটেনি। এ সময়ে মোট ৪৩টি মামলা হয়েছে। এ ছাড়া আর কিছুই তুলে ধরা হয়নি।
সাংবাদিকেরা থানা এলাকার আইনশৃঙ্খলা ও মাদকের বিষয়ে ওসিকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কিছু বলার নেই। আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা সব জানেন।’
সম্প্রতি মাহমুদুল হকের বিরুদ্ধে জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় ঘুষ গ্রহণ করেও মামলা না নেওয়া, মাদক বিক্রির স্থান থেকে টাকা আদায়সহ নানা অভিযোগে সংবাদ ছাপা হয়।
কিন্তু লিখিত বক্তব্যে ওসি বলেন, দোহারের কোথাও মাদক বেচাকেনা ও চুরি, ডাকাতি সংঘটিত হয় না।
ওসি বলেন, ‘আমার বিরুদ্ধে সব অভিযোগই মিথ্যা। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন।’ এই বলে তিনি সাংবাদিকদের তাঁর কক্ষে রেখেই উঠে যান।