সাংসদ চেমন আরা তৈয়ব সম্পর্কে অলি আহমদের করা আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি মফিজুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন।লিখিত বক্তব্যে মফিজুর রহমান বলেন, একজন প্রবীণ ব্যক্তির এ ধরনের অশালীন মন্তব্য দেশবাসীকে বিস্মিত করেছে।পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি থেকে অলিকে অবিলম্বে অপসারণের দাবি জানান মফিজুর রহমান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান চৌধুরী, শিক্ষাবিদ আবদুল ওয়াহেদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলম, সাধারণ সম্পাদক বেদারুল আলম চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান ও সালাউদ্দিন আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য হাসান মুরাদ, দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী প্রমুখ।