সংবাদ সম্মেলনে জুবাইদুল হত্যার অভিযোগ অস্বীকার
নাটোরের বড়াইগ্রামের কয়েনবাজারের একটি ক্লিনিকে মারা যাওয়া ছাত্র জুবাইদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে দাবি করেছে ওই ক্লিনিক কর্তৃপক্ষ। গতকাল রোববার ক্লিনিকের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। এর আগে ওই ক্লিনিকের লোকজন জুবাইদুলকে হত্যা করেছেন বলে অভিযোগ ওঠে।
সাংবাদ সম্মেলনে নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নওশাদ আলী ও ক্লিনিক মালিক মনোয়ার হোসেন বক্তব্য দেন। নওশাদ আলী বলেন, জুবাইদুল কয়েনবাজার এলাকায় একটি নির্মাণাধীন ক্লিনিকে কম্পিউটার সফটওয়্যারের কাজ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় বলে তিনি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছেন। ক্লিনিকে ওই সময় কর্মরত শ্রমিক নাইম হোসেন, রকি ইসলাম ও রতন আলীর বরাত দিয়ে তিনি বলেন, ক্লিনিকের কার্নিশ ঘেঁষে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার টানানো রয়েছে। জুবাইদুল ঘটনার সময় ওই কার্নিশে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। কর্মরত শ্রমিকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে সে মারা যায়।
মনোয়ার হোসেন দাবি করেন, জুবাইদুলকে তিনি বা অন্য কেউ হত্যা করেনি। সে ২৭ অক্টোবর দুর্ঘটনাবশত মারা গেছে। জুবাইদুলের দুই মামা তাঁর কাছ থেকে এ ঘটনায় মোটা অঙ্কের টাকা আদায়ের জন্য মিথ্যা অভিযোগ করেছেন।
তবে জুবাইদুলের মামা আবদুল মালেক এ অভিযোগ অস্বীকার করে বলেন, জুবাইদুলের শরীরে আঘাতের চিহ্ন ছিল। আবার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার লক্ষণও ছিল। তাই ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই বিষয়টি পরিষ্কার হবে। এটা নিয়ে আগবাড়িয়ে সংবাদ সম্মেলন করাটা অপতৎপরতার শামিল।
বড়াইগ্রাম থানার পরিদর্শক এমরান হোসেন জানান, জুবাইদুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ মৃত্যুর ঘটনায় রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সেখানে ময়নাতদন্তও হয়েছে। তাই এ-সংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পরই তার মৃত্যু নিশ্চিত হওয়া যাবে।
২৮ অক্টোবর প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে খবর প্রকাশিত হয়। প্রথম আলোর প্রকাশিত খবরের শিরোনাম ছিল ‘চাকরির প্রলোভন দিয়ে ডেকে নিয়ে হত্যার অভিযোগ’।