সংবাদ সম্মেলনে ভোট কারচুপির অভিযোগ
দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। নির্বাচনের ফলাফলে পরাজিত পাঁচ প্রার্থী সেনাবাহিনী, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগ করেছেন।
দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার বিকেলে লিখিত বক্তব্য পাঠ করেন কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত ‘বিদ্রোহী’ প্রার্থী গোপেশ চন্দ্র রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বীনা রানী শীল। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মীরা মাহবুব, মৌসুমি আকতার ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হূদয় চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ভোটের আগের রাতে সংখ্যালঘু-অধ্যুষিত নয়টি কেন্দ্রের ভোটারদের কেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখানো হয়। ভোটের দিন প্রিসাইডিং কর্মকর্তারা ওই সব কেন্দ্রের বুথগুলোতে তাঁদের পোলিং এজেন্টদের বের করে দেন। ভোট চলাকালে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও সেনা কর্মকর্তাদের এ ব্যাপারে অভিযোগ করা হলেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি।