সংবাদ সম্মেলনে হুজাইফার বাবার বক্তব্যের প্রতিবাদ
‘খিলগাঁওয়ের হুজাইফা দুই মাস ধরে নিখোঁজ’ শিরোনামে গত বুধবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদে হুজাইফার বাবা আতাউল্লাহর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে আবু বকর (রা.) মসজিদ, জামিয়া দ্বীনিয়া ও এতিমখানা কর্তৃপক্ষ। তবে নিজ বক্তব্যে অটল আছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন আতাউল্লাহ।
এই প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল যাইনুল আবেদীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত সংবাদে হুজাইফার বাবা আতাউল্লাহর সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য সবই মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট। বর্তমান মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি হুজাইফার গুম বা নিখোঁজের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নয়। বরং ওই প্রতিষ্ঠানে অনিয়ম ও তহবিলে গরমিল পেলে মসজিদ পরিচালনা কমিটি যখন এ ব্যাপারে ব্যবস্থা নেবে, তখনই কমিটির সদস্যদের হয়রানি করতে ছেলে নিখোঁজের বিষয়টি প্রচার করতে থাকেন আতাউল্লাহ। অথচ নিঃস্বার্থভাবে স্বচ্ছতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে আসছেন তাঁরা। বিজ্ঞপ্তিতে হুজাইফাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ ও দাবি জানায় প্রতিষ্ঠানটি।
আতাউল্লাহর বক্তব্য: গত মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আতাউল্লাহ বলেছিলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দক্ষিণ বনশ্রীর আবু বক্কর (রা.) মসজিদ ও মাদ্রাসা পরিচালনা করে আসছি। কিন্তু ষড়যন্ত্র করে মসজিদ ও মাদ্রাসার সব দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চায় মসজিদের তথাকথিত প্রধান উপদেষ্টা এম কে আলম মৃধা, সভাপতি দৌলত হোসেন, সেক্রেটারি সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ আকবর আলী, সদস্য আবদুল কাদের ও রফিকুল ইসলাম গং। পরে তাঁদের বিরুদ্ধে আদালতে পরপর কয়েকটি মামলা ও থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছি। এ ঘটনার পর থেকেই আমার ছেলে নিখোঁজ আছে।’
গতকাল রাতে আতাউল্লাহ বলেন, হুজাইফা ৫৯ দিন আগে খিলগাঁওয়ের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে আজ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে আটল আছেন তিনি।