
>
- অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি
- উপাচার্যের বাসায় হামলাকারীদের নামে সুনির্দিষ্টভাবে মামলার দাবি।
- ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ।
- শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে খোলা চিঠি।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনটা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে গ্রন্থাগারের সামনে গিয়েও আয়োজকদের কাউকে দেখা গেল না। ৪টা বাজার ৫ মিনিট আগে আগে হঠাৎই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন গ্রন্থাগারের সামনের টানা বারান্দায় এসে বসলেন। পাল্টে গেল পরিস্থিতি। তবে ছাত্রলীগের দুই নেতাই বলেছেন, তাঁরা পড়তে এসেছেন।
ছাত্রলীগ নেতাদের আসার কিছুক্ষণের মধ্যেই গ্রন্থাগারের সামনেটা ভরে গেল মোটরসাইকেল দিয়ে। কর্মীরা অবশ্য তাঁদের দুই নেতার সঙ্গে হাত মিলিয়েই আশপাশে সরে যাচ্ছিলেন। বিসিএস প্রস্তুতির একটি বই বাঁ হাতে নিয়ে হাসিমুখে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছিলেন মোতাহার।
সোয়া ৪টার দিকে কোটা সংস্কার আন্দোলনের তিন যুগ্ম আহ্বায়ক গ্রন্থাগারের সামনে আসেন। ছাত্রলীগ নেতাদের সঙ্গে আন্দোলনকারী নেতাদের কথা বলতেও দেখা যায়। আন্দোলনকারী তিন নেতা গ্রন্থাগারের ভেতরে ঢুকে আরও কয়েকজনসহ বেরিয়ে এসে সংবাদ সম্মেলন শুরু করেন।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, তাঁরা সাত দিনের মধ্যে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে উপাচার্যের বাসায় হামলাকারীদের নামে সুনির্দিষ্টভাবে মামলার দাবি জানান। তা না হলে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের হুমকি দেন। তাঁদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে কথা বলেন ‘বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ যুগ্ম আহ্বায়ক নুরুল হক। আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুকসহ ১০-১২ জন আন্দোলন-সমর্থক শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে নুরুল হক বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের সময় কিছু দুষ্কৃতকারীর ঘটানো বিচ্ছিন্ন ঘটনায় পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চারটি মামলা দেয়। যে মামলায় সাধারণ শিক্ষার্থীরা হয়রানির আশঙ্কা করছেন। সাত দিনের মধ্যে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় মামলা দেওয়া এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান নুরুল হক।
এ রকম কেন চাইছেন জানতে চাইলে নুরুল হক বলেন, মামলায় অজ্ঞাতনামা শিক্ষার্থীদের আসামি করা হয়েছে। এ ধরনের মামলায় যে কাউকেই সন্দেহমূলকভাবে গ্রেপ্তার করা হতে পারে বলে ভয় পাচ্ছে সবাই। তিনি বলেন, কয়েকটি টিভি চ্যানেলের ফুটেজে দেখা যায় কিছু লোককে ধরে ফেলা হয়েছিল। পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। ওই লোকগুলো কারা, কারা তাদের ছাড়িয়ে নিচ্ছে? সেখানে সংবাদকর্মীরাও ছিলেন। একটি টিভির লাইভে দেখা যায় হেলমেট পরা, ঢাকা কলেজের টি-শার্ট গায়ে এক তরুণ রড হাতে উপাচার্যের বাসভবনের ভেতরে ঢুকছেন। এ ছাড়া আরও অনেকে মুঠোফোনে ভিডিও করেছেন। ইউটিউবে কিছু ভিডিও আছে। সেসব দেখে হামলাকারীদের দুই দিনের মধ্যেই শনাক্ত করা সম্ভব। কিন্তু তাদের শনাক্ত করে মামলা না দিয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করে কেন শিক্ষার্থীদের ভয়ভীতির মধ্যে রাখা হচ্ছে।
এর আগে মামলা প্রত্যাহারের জন্য দুই দিনের সময়সীমা দেওয়ার পর আবারও সাত দিন সময় দেওয়ার কারণটা কী-জানতে চাইলে নুরুল হক বলেন, তাঁরা উপাচার্যের বাসভবনে হামলাকারীদের বিচার চান। তাঁদের শনাক্ত করে সুনির্দিষ্টভাবে মামলা দেওয়ার জন্য তাঁরা প্রশাসনকে সাত দিনের সময় দিতে চান।
সংবাদ সম্মেলনে আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন সংবাদ নেই কেন জানতে চাইলে নুরুল হক বলেন, আহ্বায়ককে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছেন। আন্দোলনে যুক্তদেরও ভয়ভীতি, হুমকি দেওয়া হচ্ছে। যার কারণে তাঁদের অনেকে আগে বিবৃতি দিয়েও এখন অন্য বক্তব্য দিচ্ছেন। নিরাপত্তাহীনতায় কেউ কেউ হল থেকে পর্যন্ত বের হচ্ছেন না।
আন্দোলনকারীদের সংবাদ সম্মেলনের সময় পাশ থেকে একটি মোটরসাইকেলের ‘অ্যান্টি থেফট অ্যালার্ম’ তারস্বরে বেজে যাচ্ছিল। যার কারণে সংবাদ সম্মেলনের বক্তব্য শুনতেও সমস্যা হচ্ছিল। আন্দোলনকারীদের একজনের দাবি, তাঁদের বিরক্ত করতেই এ পন্থা নেওয়া হয়েছে। তাঁরা উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন, তাঁরা ক্যাম্পাস ছেড়ে না যাওয়া পর্যন্ত সাংবাদিকেরা যেন এ জায়গা ছেড়ে না যান।
তাঁরা চলে যাওয়ার প্রায় ১৫ মিনিট পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আবারও সাংবাদিকদের ডেকে আরেকটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার অনুরোধ করেন। সেই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু বকর সিদ্দিক। ৮ এপ্রিল বিক্ষোভের রাতে আবু বকর নিহত হয়েছিলেন বলে গুজব ছড়িয়েছিল।
আবু বকর গণমাধ্যমকে বলেন, সেদিন তিনি টিউশনি থেকে শাহবাগ হয়ে ফেরার পথে তাঁর শরীরে কিছু একটা (রাবার বুলেট) লেগেছিল, চোখ থেকে রক্ত পড়ছিল। পরে অন্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। হলে ফিরে শুনতে পান, তিনি মারা গেছেন বলে ক্যাম্পাসে গুজব রটেছে।
আবু বকর দাবি করেন, তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে উপাচার্যের বাসভবন ভাঙচুর করা হয় এবং হামলাকারীরা উপাচার্যকে হত্যার পরিকল্পনাও করেছিল। তিনি তাদের বিচার দাবি করেন। তিনি বলেন, এর ফলে শুধু তিনি নন, তাঁর পরিবারও আতঙ্কে রয়েছে।
এই গুজব আন্দোলনকারীরা রটিয়েছেন কি না প্রশ্ন করা হলে আবু বকর বলেন, আন্দোলনকারীদের ব্যানারে থাকা তৃতীয় একটি পক্ষ যারা স্থিতিশীলতা চায় না, তারা এই গুজবটি ফলাও করে রটিয়েছে। তারা পরিকল্পিতভাবে উপাচার্যের বাসায় হামলা চালিয়েছে। এদের কারও মাথায় হেলমেট ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কখনো এ রকম করতে পারে না।
পড়াশোনা শুরু করেছেন তাঁরা
পরপর দুটি সংবাদ সম্মেলনের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে আরও কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঙ্গে কথা হয়। তখনো তাঁর হাতে ছিল বিসিএস প্রস্তুতির বইটি। হঠাৎ গ্রন্থাগারে কেন জানতে চাইলে মোতাহার বলেন, ‘আমরা কি আসতে পারি না, ভাই। আমরাও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদেরও তো কিছু পড়াশোনা করতে হয়।’ হাতের বইটি প্রতিবেদকের হাতে দিয়ে বলেন, ‘এই বই থেকে কী ধরবেন, আমারে ধরেন।’
মোতাহার প্রশ্ন করেন, ‘আমরা কি মেধাবী না, ভাই?’
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা এখানে পড়তে এসেছি।’
গত সোম ও মঙ্গলবারও ছাত্রলীগের এই দুই নেতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের একদল নেতা-কর্মী গ্রন্থাগারে ‘পড়াশোনা’ করেছিলেন বলে তাঁরা জানান।
শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে খোলা চিঠি
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে খোলা চিঠি লিখেছেন ১৯ জন শিক্ষক। চিঠিতে তাঁরা বলেন, এই আন্দোলনের বিপরীতে প্রধানমন্ত্রীর ঘোষণা আসার পর পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত সরকারি গেজেট প্রকাশ। কিন্তু এর আগেই আন্দোলনকারীদের ওপর নানান চাপ আসছে। ভয়ভীতি কাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এবং অনেকে আবাসিক হলে থাকতে অস্বস্তি বোধ করছেন। সুফিয়া কামাল হলে এই ভীতি সবচেয়ে বেশি। আন্দোলনে নেতৃত্বদানকারী তিন শিক্ষার্থীকে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর থেকে এই অস্বস্তি বৃদ্ধি পেয়েছে, ক্যাম্পাসে বিরাজ করছে চাপা উৎকণ্ঠা। সাধারণ শিক্ষার্থীদের এই নিরাপত্তাহীনতা নিয়ে অনেক শিক্ষকই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা, সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে আইসিটি আইনে মামলা, ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার ইত্যাদির মাধ্যমে ভীতির পরিবেশ তৈরি হচ্ছে। তাঁরা এই পরিবেশ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। শিক্ষকেরা তাঁদের চিঠিতে উপাচার্যের বাসভবনে হামলার নিন্দা এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির অনুরোধ জানান। পাশাপাশি ৮ এপ্রিলের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও পরে ক্যাম্পাসে বিপুল সংখ্যক বহিরাগতের অনুপ্রবেশ নিয়েও তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।
চিঠিতে আবাসিক হলগুলো পরিচালনার বিষয়টি ছাত্রসংগঠনের কাছ থেকে শিক্ষক ও হলের প্রশাসনের আওতায় ফিরিয়ে আনার অনুরোধ করা হয়। ডাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ও সুষ্ঠু রাখার জন্য তাঁরা বিভিন্ন সংগঠন ও নির্দলীয় শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে পরিবেশ পরিষদের মতো কমিটি গঠনের পরামর্শ দেন।
গতকাল বুধবার বিভিন্ন বিভাগের ১৯ জন শিক্ষক উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছে খোলা চিঠি লিখে তাঁর দপ্তরে দিয়ে আসেন। এই শিক্ষকেরা হলেন এম এম আকাশ, গীতি আরা নাসরীন, ফাহমিদুল হক, মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সামিনা লুৎফা, মোহাম্মদ আজম, মোশাহিদা সুলতানা, কাজী মারুফুল ইসলাম, রোবায়েত ফেরদৌস, সায়মা আহমেদ, মুনাসির কামাল, সাজ্জাদ এইচ সিদ্দিকী, রুশাদ ফরিদী, মো. সেলিম হোসেন, হুমায়ুন কবীর, আব্দুর রাজ্জাক খান, সালমা চৌধুরী, দিল রওশন জিন্নাত আরা নাজনীন ও অতনু রাব্বানি।