সংবাদকর্মী ও পত্রিকাবাহী গাড়িতে হামলা
সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও পত্রিকাবাহী গাড়ি হরতাল-অবরোধের আওতামুক্ত হলেও পত্রিকার গাড়ি সাংবাদিকদের ওপর হামলা চলছেই। কোথাও হরতাল-অবরোধকারীরা তা মানছেন না।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা দ্বিতীয় দফার অবরোধ চলাকালে গতকাল সোমবার ও এর আগের দিন রাতে সংবাদকর্মী এবং পত্রিকাবাহী গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে ফেনীতে টেলিভিশন চ্যানেলের একজন সাংবাদকর্মীর ওপর হামলা চালিয়েছেন যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা। সিরাজগঞ্জে এক সাংবাদিকের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কয়েকটি স্থানে প্রথম আলোসহ অন্যান্য পত্রিকাবাহী গাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। ঢাকার বাইরে সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরের দিকে ফেনীর সিলোনীয়া বাজার এলাকায় পুলিশ ও যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ছাত্রশিবিরের কর্মীদের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গেলে যুবলীগ-ছাত্রলীগ কর্মীরা বেসরকারি সময় টিভি চ্যানেলের সংবাদকর্মী আতিয়ার সজলের ওপর হামলা চালান। সিরাজগঞ্জে যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি বাদল ভৌমিকের অফিসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সোয়া ১১টার দিকে দুই যুবক এস এস রোডে বাদল ভৌমিকের তালবদ্ধ অফিসের দরজায় পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুন দ্রুত অফিসের ভেতর ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বগুড়ায় রোববার রাতে প্রথম আলো বহনকারী দুটি গাড়িতে হামলা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ে পত্রিকা নিয়ে যাওয়ার পথে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জের চণ্ডীহারা নামক স্থানে অবরোধকারীরা একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করে। অবরোধকারীদের ছোড়া ইটপাটকেলে আঘাত পেয়ে চোখ নষ্ট হতে বসেছে প্রথম আলোর ‘লাইনম্যান’ (চালকের সহকারী) জিয়াউর রহমানের (২৮)। তিনি বর্তমানে বগুড়ায় ব্যক্তিগতভাবে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া হামলায় তাঁর হাতের আঙুল ভেঙে গেছে।
এ হামলার কিছু আগে বগুড়ার মহাস্থানগড় এলাকায় অবরোধকারীদের আক্রমণের শিকার হয় লালমনিরহাটে পত্রিকা পরিবহনে নিয়োজিত সাজিদ পরিবহনের আরেকটি গাড়ি।
জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘গণমাধ্যম ও সংবাদপত্রের গাড়ি হরতাল-অবরোধের আওতামুক্ত জানিয়ে নেতা-কর্মীদের বারবার সতর্ক করে দেওয়ার পরও এ ধরনের ঘটনা দুঃখজনক।’
কুমিল্লার দাউদকান্দিতে গতকাল ভোরে প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা বহনকারী একটি গাড়ি আটকে দেন অবরোধকারীরা। এতে লাকসাম, মনোহরগঞ্জ, নাথেরপেটুয়া, সোনাইমুড়ি, চাটখিল, রামগঞ্জ, রায়পুর ও লক্ষ্মীপুরে এদিন পত্রিকা হাতে পাননি পাঠকেরা।
সাতক্ষীরায় পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি: সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ইয়ারব হোসেনের ওপর জামায়াত-শিবিরের কর্মীদের হামলা এবং হরতাল-সমর্থক ও অবরোধকারীদের হাতে জেলার অন্তত ২০ জন সাংবাদিক ও সংবাদপত্রসেবীর ওপর হামলার ঘটনায় পুলিশের ব্যর্থতার অভিযোগে সাতক্ষীরা পুলিশ সুপার মোল্যা জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলার সাংবাদিকেরা। গতকাল জেলা প্রেসক্লাবে আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাংবাদিকদের এক জরুরি সাধারণ সভায় এ দাবি জানানো হয়।