সংবাদকর্মীদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম মজুরি বোর্ডের রোয়েদাদ ঘোষণার আগে সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সংবাদকর্মীদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। এই মহার্ঘ ভাতা পরে মজুরি বোর্ড নির্ধারিত সামগ্রিক বেতনকাঠামোর সঙ্গে সমন্বয় করা হবে।গতকাল বৃহস্পতিবার অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের চেয়ারম্যান কাজী এবাদুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এই মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়। এতে বলা হয়, সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মীরা সপ্তম মজুরি বোর্ড ঘোষিত (বিদ্যমান) বেতন হারের ওপর প্রতি মাসে মূল বেতনের ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এই মহার্ঘ ভাতা কার্যকর হবে গত ১ জুলাই থেকে। গত ১৮ জুন অষ্টম মজুরি বোর্ড গঠন করা হয়েছিল।এর আগে গত বুধবার বিভিন্ন পত্রিকা এবং সংবাদ সংস্থার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠককালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মহার্ঘ ভাতা ঘোষণা দেওয়ার কথা জানান। তিনি বলেন, মজুরি বোর্ড বেতনকাঠামো ঠিক করে প্রতিবেদন চূড়ান্ত করবে আগামী ডিসেম্বরের মধ্যে।